Published : 03 Jul 2026, 03:15 PM
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে নামাজের বিরতিতে ভেতরে লোক রেখে দুইপাশ থেকে ভোটকেন্দ্রে তালা দিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে এক পক্ষ, যা নিয়ে হট্টগোল হয়েছে।
এ নির্বাচনের দুটি প্যানেলের একটি থেকে সাধারণ সম্পাদক পদের প্রার্থী চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি শুক্রবার এই অভিযোগ করেন।
তিনি বলেন, “এমন নিয়ম তো নেই। নির্বাচন কমিশনারকে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ভেতরে লোক রেখে নামাজের বিরতি। এটা কেমন নিয়ম। এদের সঙ্গে নির্বাচনে দাঁড়ানোই ঠিক হয়নি।”
একই অভিযোগ তুলেছেন অভিনেতা আবির চৌধুরী। তিনি বলেন, “এটা তো ম্যানুয়াল কাউন্ট ভোট। লোক রেখে কেন দরজায় তালা দেওয়া থাকবে। আমরা যা ভোট পড়েছে তা আবার দ্বিতীয়বার গুণে নতুন ভোট প্রদানের দাবি জানাই।”
এ বিষয়ে প্রশ্ন করলে ভেতর থেকে বের হওয়া একজন নিরাপত্তাকর্মী বলেন, “ওয়াশরুমে গিয়েছিলাম, গেইটে তালা দিয়ে দিবে সেটা আমরা বুঝতে পারিনি।”
তবে অভিযোগ অস্বীকর করে নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু বলেন, “এরকম কিছু ঘটার সুযোগ নেই। প্রজেক্টরে ভিতরের সব কিছুই দেখা যাচ্ছে।”
এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে দুপুর ১টা পর্যন্ত ১০২ জন ভোট দিয়েছেন বলে জানান আরেক নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিএফডিসি প্রাঙ্গণে ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সকালের দিকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রজুড়ে যেন এক উৎসবের মেলা বসে। দীর্ঘদিন পর পুরোনো সহকর্মীদের কাছে পেয়ে উচ্ছ্বাসের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি আর ছবি তোলায় মেতে ওঠেন শিল্পীরা।
প্রধান ফটক থেকেই বিভিন্ন বুথ সাজিয়ে ভোটারদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নিতে দেখা যায় প্রার্থীদের। এর মধ্যেই দুপুরে অভিযোগ তোলেন আরমান-মুক্তি পরিষদের প্রার্থী মুক্তি।
নির্বাচনে এক প্যানেলে থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ফাইটার ও প্রযোজক আরমান, তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মুক্তি।
অন্য প্যানেলে শিবা সানু সভাপতি পদে এবং জয় চৌধুরী সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন।