Published : 13 Jan 2026, 11:11 AM
বয়স আশির চৌকাঠ পেরুলেও ক্লান্তিকে ধারেকাছে ঘেঁষতে না দেওয়া অভিনেতা অমিতাভ বচ্চনের প্রতিটি কাজই নিয়মের বাঁধনে বাঁধা।
ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে তিনি যা যা করেন, সেসব তিনি করে আসছেন যুগ যুগ ধরে। হিন্দি সিনেমার কিংবদন্তীর সেই রুটিনের কথা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন বলিউডের খলনায়ক রঞ্জিত।
এই অভিনেতা বহু সিনেমায় অমিতাভের সহশিল্পী হয়েছেন। তাই অমিতাভকে কাছ থেকে দেখার সুযোগ তার হয়েছে।
আনন্দবাজার লিখেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে রঞ্জিত বলেন, অমিতাভ কতখানি শৃঙ্খলাপরায়ণ তা ভাবনার বাইরে।
রঞ্জিত বলেন, “আমরা একসঙ্গে প্রথম বার ‘রেশমা অউর শেরা’ সিনেমার কাজ করেছি। এটি ছিল অমিতাভের দ্বিতীয় দ্বিতীয় সিনেমা। এর আগে উনি ‘সাত হিন্দুস্তানি’তে কাজ করেছিলেন। আমি শুটিংয়ে সময় তার সঙ্গে একই তাঁবুতে ছিলাম, আরও দুজন ছিলেন আমাদের সঙ্গে।’’
রঞ্জিত জানান, শুটিং চলাকালীন অমিতাভের রুটিন দেখে কৌতুহলী হয়ে পড়েছিলেন তিনি।
রঞ্জিতের কথায়, “দেখতাম, তিনি প্রতি রাতে কিছু লিখতেন এবং সকালে প্রার্থনা করতেন। এক দিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে রোজ রাতে আপনি কী লেখেন? উনি বলেছিলেন, আমি প্রতিদিন আমার বাবা-মাকে চিঠি লিখি এবং সকালে গীতা পড়ি। এটাই ছিল তার প্রতি দিনের রুটিন।’’
এমন নিষ্ঠাপরায়ণ জীবনই আজ তাকে এমন সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছে বলেই মনে করেন রঞ্জিত।
সংখ্যার হিসেবে বয়স ৮৩ হলেও কয়েক প্রজন্মের অভিনেতার সঙ্গে টক্কর দিয়ে কাজ করে চলেছেন অমিতাভ।
এই বয়সেও শুটিংয়ে পৌঁছান সহকর্মীদের আগে, সিনেমার স্বার্থে ছোটখাট টিলা থেকে লাফ দেওয়া বা হিমালয় বাইতেও পিছপা নন তিনি।
গেল দুই বছরে শুটিং সেটে কয়েকবার গুরুতর আহত হলেও, সুস্থ হয়ে ফিরেছেন শুটিং ফ্লোরে। শরীর স্বাস্থ্যকে নিজের ‘বশে রেখেছেন’ তিনি।
অমিতাভের ব্যায়ামের প্রশিক্ষক এর আগে বলেছিলেন, অভিনেতার শরীরচর্চা শুরু হয় ভোর ৬টা থেকে। শুরুতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ও প্রাণায়াম করেন। পরে কয়েকটি যোগাসন করেন। মেডিটেশনও করেন ঘড়ি ধরে। সাধারণত এই নিয়মের ব্যতিক্রম হয় না।