১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হৃত্বিকের শরীরে ২৫% রক্ত বাঙালি, কীভাবে

ইরার আদরের নাতি ছিলেন হৃতিক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 01:51 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে হিন্দি সিনেমার তারকা অভিনেতা হৃত্বিক রোশান বলেছেন ‘আমার ভেতরের ২৫ শতাংশ বাঙালি রক্তটাই বুঝি এভাবে প্রকাশ পেয়েছে।’

মুহূর্তে ছবিগুলো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে প্রায় সবই প্রশ্ন ছুড়েছেন যে, বাঙালির সঙ্গে হৃতিকের যোগ কোথায়?

সে প্রশ্নের উত্তর মিলল কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে। 

হৃত্বিকের বাবা বলিউডের স্বনামধন্য পরিচালক-প্রয়োজক রাকেশ রোশান। এই পরিবারে সাংস্কৃতিক আবহ নতুন নয়। আর হৃতিকের বাঙালি যোগের সূত্রটি আসে তার ঠাকুরমা (দাদি) ইরা রোশানের কাছ থেকে। বাঙালি ইরা রোশানের পারিবারিক নাম ছিল ইরা মৈত্র। 

কলকাতার মেয়ে ইরা মৈত্র মাত্র ২০ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে কাজ শুরু করেন। গান ছিল তার নেশা। সেই সংগীতের রেশ ধরে তার বিয়ে  হয় সংগীত পরিচালক রোশান লাল নাগরথের সঙ্গে। এটি ছিল রোশানের দ্বিতীয় বিয়ে।

তাদের সংসারে জন্ম নেন দুই ছেলে-রাকেশ ও রাজেশ। তবে হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে মারা যান রোশান লাল। তারপর দুই ছেলে নিয়ে ইরা পাড়ি জমান মুম্বাইয়ে। 

ইরা পরিবারের মূল ভিত ছিলেন, তার কথাই ছিল শেষ কথা। তিনি রান্না ভালোবাসতেন, বিশেষ করে মাছের পদ রান্না করা ছিল তার পছন্দের কাজ। ছোটবেলা থেকেই ইরার আদরের নাতি ছিলেন হৃতিক। 

দাদিকে হৃত্বিক ডাকতেন ‘ঠামি’ বলে। তবে ঠামির কাছ থেকে বাংলা শেখা হয়নি তার। রাকেশ রোশান কিছুটা বাংলা জানলেও হৃতিকের সে সুযোগ হয়নি। 

২০০৫ সালের ২২ জানুয়ারিতে চলে যান ইরা রোশান। নতুন বছরের শুরুতে পরিবারের ভিতের কথা স্মরণ করে কয়েকটি ছবি পোস্ট করে হৃত্বিক লিখেছেন, ‘আমার ভেতরের ২৫ শতাংশ বাঙালি রক্তটাই বুঝি এভাবে প্রকাশ পেয়েছে।’