যান্ত্রিক শহরের অনুভূতির গল্পে ‘আরও কিছুক্ষণ’
রুবায়েত মাহমুদের গল্পে এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান।
ব্যস্ত ও যান্ত্রিক এক শহরের দুই আগন্তুকের কিছু মুহূর্তের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরও কিছুক্ষণ’।
রুবায়েত মাহমুদের গল্পে এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান।
‘আরও কিছুক্ষণ’ নিয়ে রুবায়েত মাহমুদ বলেন, "নিজের মত করে গল্প বলার ভাবনা থেকেই এই সিনেমা। গল্পটি আসলে একটি ব্যস্ত ও যান্ত্রিক শহরের দুই আগন্তুকের কিছু মুহূর্তের গল্প। এই পাথরের শহরেও কিছু সম্পর্কের কারণে যে বিশেষ কিছু মুহূর্ত তৈরি হতে পারে, সেই মুহূর্তগুলোই বলতে চেয়েছি।"
তার কথায়, চিত্রনাট্যের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
"‘আরও কিছুক্ষণ’ শুধু একটি গল্প নয়, এটি নির্দিষ্ট নিয়ম বা কাঠামোর ওপর ভিত্তি করে লেখা।"
সাদিয়া আয়মানকে নিয়ে নির্মাতা রুবায়েত বলেন, "চরিত্রটি শুধু সংলাপ কিংবা দৃশ্যের মাধ্যমে তৈরি করার ছিল না; এর মধ্যে ছিল অনেক সূক্ষ্ম অনুভূতি। সাদিয়া সেই অনুভূতিগুলো খুব স্বাভাবিক ও বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরেছেন"
সাদিয়ার সঙ্গে এতে অভিনয় করেছেন শফিন আহমেদ। দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে যুক্ত শফিন নিজেও একজন নির্মাতা।
অভিনয়ের ক্ষেত্রে এটি তার জন্য ভিন্ন অভিজ্ঞতা হলেও চরিত্রটির জন্য তার ব্যক্তিত্ব ও উপস্থিতিকে উপযুক্ত মনে হয়েছে নির্মাতার।
‘আরও কিছুক্ষণ’ এর চিত্রগ্রহণ করেছেন রিপন চৌধুরী। সম্পাদনায় রয়েছেন মাজহার রনি, কালার গ্রেডিং করেছেন চিন্ময় রায়। ব্যাকগ্রাউন্ড স্কোর ও গান কম্পোজ করেছেন জাহিদ নিরব। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির এক্সিকিউটিভ প্রযোজক মো. শামীম মাহমুদ শাতু।
প্রায় ২৯ মিনিটের দৈর্ঘ্যের এই সিনেমাটি মুক্তি পাবে ‘জি সিরিজে’।
