Published : 26 Jun 2026, 01:04 PM
এবার নিজের মুখেই গর্ভধারণের কথা জানিয়েছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
এনডিটিভি জানিয়েছে, তার নতুন সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’ এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে সামান্থা বলেন, তার বর্তমান শারীরিক অবস্থার কারণে মাতৃত্বকালীন বিরতি নেবেন তিনি। তবে ছুটিতে যাওয়ার আগে হাতের কাজগুলো শেষ করবেন। পরে নতুন কোনো সিনেমা নিয়ে দর্শকদের সামনে ফিরবেন তিনি।
সামান্থার মা হওয়ার গুঞ্জন উঠে গেল সপ্তাহে। নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’- সাফল্য উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ওই ভিডিওতে কেউ কেউ সামান্থার ‘বেবি বাম্প’ আবিষ্কার করেন।
এছাড়া অভিনেত্রীর ঘনিষ্ঠজনও তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জানিয়েছিল সংবাদমাধ্যমকে। এবার সামান্থা নিজেই সুখবরটি সবার সঙ্গে ভাগাভাগি করে নিলেন।
গত বছরের ১ ডিসেম্বর ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুকে বিয়ে করেন সামান্থা। সামান্থা–রাজের পরিচয় হয় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কাজের সময়। পরে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা যাওয়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়তে থাকে।
দুজন ফের একসঙ্গে কাজ করেছেন ‘মা ইনতি বানগারাম’ সিনেমায়; পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি। পারিবারিক অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমার চিত্রনাট্য লিখেছেন রাজ নিদিমোরু ও বসন্ত মারিঙ্গান্তি।
সামান্থা এর আগে দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। তাদের সেই সংসার টিকেছির চার বছর।
২০২২ সালের অক্টোবরে সামান্থা সোশাল মিডিয়ায় জানিয়েছিরেন তিনি মায়োসাইটিস নামের রোগে আক্রান্ত হয়েছেন। তখন তিনি লিখেছিলেন, রোগটি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করলেও সুস্থ হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে।
এই রোগের সঙ্গে কয়েক বছর ধরে লড়াই করেন সামন্থা । সে সময় হাতে কোনো কাজও নেননি। পরে সুস্থ হয়ে কাজে ফিরেছেন তিনি।