Published : 07 Sep 2025, 01:05 PM
ভেনিস চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতেছে জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ সিনেমাটি।
ভ্যারাইটি বলছে শনিবার এই পুরস্কার ঘোষণা করা হয়।
এতে প্রাপ্তবয়স্ক সন্তানদের সঙ্গে তাদের বাবা-মায়ের সম্পর্কের গল্প বলেছেন জারমুশ । ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ সিনেমায় অভিনয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কেট ব্লানচেট, অ্যাডাম ড্রাইভার ও টম ওয়েটস।
এ ছাড়া ভেনিস উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে আলোচিত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। ‘সিলভার লায়ন’ জেতা এই সিনেমাটিতে গেল বছর গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ছয় বছরের শিশু হিন্দ রজবের কথা উঠে এসেছে।
এছাড়া সেরা পরিচালক হয়েছেন বেনি সাফদি; ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমার জন্য এই পুরস্কার পান সাফদি।
বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ইতালির জিয়ানফ্রাঙ্কো রসির সাদা-কালো তথ্যচিত্র ‘বিলো দ্য ক্লাউডস’।
‘দ্য সান রাইজেস অন আস অল’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জিন ঝিলেই।
আর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন টনি সারভিল্লো; ‘লা গ্রাজিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ নির্মিত হয়েছে তিন ভিন্ন দেশের তিনটি গল্প নিয়ে। ‘ফাদার’ অধ্যায়ের পটভূমি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, ‘মাদার’ ডাবলিনের আর ‘সিস্টার ব্রাদার’ অধ্যায় প্যারিসের গল্পে বানানো হয়েছে।
‘গোল্ডেন লায়ন’ জয়ী যুক্তরাষ্ট্রের পরিচালক জিম জারমুশ পুরস্কার হাতে নিয়ে বলেন, তিনি কোনো প্রতিযোগিতায় বিশ্বাসী নন।
“তবে এ ধরনের প্রতিযোগিতা অনুপ্রাণিত করে, যার প্রশংসা আমি করি।”
জারমুশ ওই অনুষ্ঠানে গাজায় ইসরায়েলি হামলার ও তীব্র বিরোধিতা জানানোর বার্তা দিয়েছেন। তার পোশাকের সঙ্গে একটি ব্যাজ লাগানো ছিল, যেখান লেখা ছিল ‘যথেষ্ঠ হয়েছে’।
উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের সাত সদস্যের জুরিবোর্ডের নেতৃত্বে ছিলেন মার্কিন নির্মাতা অ্যালেক্সান্ডার পেইন। মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছে ২১টি সিনেমা। ৩০টি সিনেমার প্রিমিয়ার হয়েছে এবারের উৎসবে।
গত ২৭ আগস্টে শুরু হয়েছিল ভেনিস উৎসব। ইতালির সমুদ্রতীরবর্তী শহর ভেনিসের লিদো দ্বীপে ৮২তম আসরে এবারও জমকালো আয়োজনে লালগালিচায় হেঁটেছেন তারকারা।