Published : 20 Nov 2025, 10:35 AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মত আয়োজিত হতে যাচ্ছে 'কথাসাহিত্যিক হাসান আজিজুল হক নাট্যোৎসব'।
এই উৎসব শুরু হচ্ছে শুক্রবার; যা মঙ্গলবার পর্যন্ত চলবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নাট্যসংগঠন ‘সমকাল নাট্যচক্র’ যাত্রা শুরু করেছিল ১৯৮১ সালের ২৫ নভেম্বর।
নাট্যদলটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে বলে ‘সমকাল নাট্যচক্রের’ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শুক্রবার, রোববার ও সোমবার এই তিনদিন উৎসবে নাটকের প্রদর্শনী হবে। আর মঙ্গলবার ‘সমকাল নাট্যচক্রের’ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে; থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা।
শুক্রবার সন্ধ্যায় হাসান আজিজুল হকের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই নাট্যোৎসবের সূচনা হবে।
শহীদ সুখরঞ্জন সমাদ্দার টিএসসিসি মিলনায়তনে উদ্বোধনী আয়োজনের পর ‘সমকাল নাট্যচক্র’ মঞ্চস্থ করবে নাটক ‘শাইলক এ্যান্ড সিকোফ্যান্টস’।
রোববার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি বটমূলে বগুড়ার কলেজ থিয়েটার মঞ্চস্থ করবে পথনাটক 'একটি অবাস্তব গল্প' এবং সন্ধ্যা ৬টায় সমকাল নাট্যচক্র মঞ্চস্থ করবে ‘ব্যাঙ’।
এদিন সন্ধ্যা ৭টায় টিএসসিসি মিলনায়তনে তীর্থক নাটক প্রযোজিত 'আগুনপাখি' মঞ্চস্থ হবে।

সোমবার বিকেল সাড়ে ৪টায় টিএসসিসি বটমূলে পথনাটক 'মানিকজোড়' মঞ্চস্থ করবে নাটোরের বকুল স্মৃতি থিয়েটার এবং সন্ধ্যা ৬টায় সমকাল নাট্যচক্র মঞ্চস্থ করবে ‘জনৈকের মহাপ্রয়াণ’।
ওইদিন সন্ধ্যা ৭টায় টিএসসিসি মিলনায়তনে থিয়েটার জিরো রেপার্টরি মঞ্চস্থ করবে 'দেজা ভ্যু' এবং রাত ৭টা ৪৫ মিনিটে একই নাট্যদলের প্রযোজনায় মঞ্চস্থ হবে 'সভ্যতার মানপত্র'।
মঙ্গলবার বর্নাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে সমকাল নাট্যচক্র।