১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভৌতিক গল্পে ‘বিভাবরী’

'বিভাবরী' সিনেমা তৈরি হয়েছে সত্যি ঘটনার অবলম্বনে।

ভৌতিক গল্পে ‘বিভাবরী’
‘বিভাবরী’ সিনেমার দৃশ্য

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 04:59 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

ভৌতিক গল্পের আবহে ওয়েব সিনেমা ‘বিভাবরী’ নির্মাণ করেছেন পরিচালক টিটো রহমান। ডে কেয়ার সেন্টারে কাজ করতে গিয়ে একটি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। 

দীপ্ত বিজ্ঞপ্তিতে বলেছে, দীপ্ত প্লেতে দেখা যাবে সিনেমাটি। 

অনীশ দাসের গল্পে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। আরও আছেন ইরেশ যাকের, ফারিহা শামস সেউতি, রোজী সিদ্দিকী ও রিফাহ নাজিবা।  

‘বিভাবরী’র গল্পে দেখা যাবে, নিম্নবিত্ত ঘরের মেয়ে নীতু ডে কেয়ার সেন্টারে বেবিসিটারেরর কাজ করেন। ঢাকায় মেয়েটি থাকে একটি হোস্টেলে। কাজের জায়গা থেকে হোস্টেলে ফেরার পথে মেয়েটি মাঝেমধ্যেই অদ্ভুত শব্দ শুনতে পায়। 

নীতুর ধারণা তাকে অনুসরণ করা হয়। একদিন কাজের জন্য শহর থেকে দূরে যেতে হয় নীতুকে, আর ঘটতে থাকে নানা ঘটনা। 

নীতুর সঙ্গে ঘটে যাওয়া ওই সব ঘটনা নিয়ে ওয়েব সিনেমাটি তৈরি করেছেন টিটো।  

টিটো বলেন, "বাংলাদেশে মিস্ট্রি বা প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ হলেও নিখাদ ভূতের গল্প নিয়ে খুব কম কাজ হয়েছে। যা হয়েছে, সেগুলোও খুব বেশি মানোত্তীর্ণ হয়নি বলেই মনে হয়েছে। আমাদের চেষ্টা ছিল ভূত নিয়ে সিরিয়াস ধরনের কিছু নির্মাণ করা, যেমনটা বাইরের দেশে হয়।" 

সিনেমা তৈরিতে কারিগরি সহায়তার অভাবে বোধ করেছেন বলে জানিয়েছেন টিটো।

তিনি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে ভূতের গল্প নিয়ে ভালো করে কাজ করা, অন্য দেশের মতো ভৌতিক আবহ তৈরি করা খুব একটা সম্ভব হয় না। বাজেট, টেকনোলজি, মেকআপ ইত্যাদি ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তবু আমাদের যা আছে, তা নিয়েই আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।" 

'বিভাবরী' শিগগিরই দীপ্ত প্লেতে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন এই পরিচালক।