Published : 02 Mar 2026, 10:31 AM
মা হওয়ার পর থেকে জীবন বদলে গিয়েছে বলিউডি নায়িকা দীপিকা পাড়ুকোনের, গত পাঁচ মাস ধরে মেয়েকে ছাড়া আর কিছুই তেমন ‘গুরুত্বপূর্ণ নয়’ তার কাছে।
এই ভাষ্য দীপিকার। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার মেয়ে দুয়া পাড়ুকোনই ‘তার পৃথিবীর সবটুকু’।
আনন্দবাজার লিখেছে, দীপিকার কথায়, “ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না আজকাল। সেদিন ব্যাগের মধ্যে দেখি, মেয়ের আধখাওয়া থেপলা (রুটিজাতীয় খাবার)। ওটা নিয়েই ঘুরে বেড়াচ্ছি।”
২০২৪ সালের সেপ্টেম্বরে কন্যাসন্তান বাবা-মা হয়েছে বলিউডের তারকাদম্পতি রাণবীর সিং এবং দীপিকা। মেয়ে দুয়ার বয়স এখন এক বছর চার মাস। মাতৃত্ব দীপিকাকে কীভাবে বদলেছে, সে ব্যাপারে কথা বলতে গিয়েই কিনি জানিয়েছেন, যে মুহূর্ত থেকে দুয়া তার জীবনে এসেছে, সেই মুহূর্ত থেকেই একটা দায়িত্ববোধ কাজ করতে শুরু করেছে তার মধ্যে।
দীপিকা বলেছেন, ‘‘এত দিন অন্য কারো দায়িত্ব নেওয়ার কথা আমার মনেই হয়নি এভাবে। আমি কেরিয়ারের জন্য নিজের বাড়ি ছেড়েছি, পরিশ্রম করেছি। মোট কথা, যা করেছি সবই আমি চেয়েছি বলে। আমার নিজের জন্য যা দরকার মনে হয়েছে, তা পাব বলে। আর এখন হঠাৎই আর প্রথম পছন্দের জায়গায় নিজেকে রাখতে পারছি না। এখন প্রথমে ভাবতে হচ্ছে একটা ছোট্ট মানুষের কথা, যে আমার উপর নির্ভরশীল। তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হচ্ছে।”
গত কয়েক মাস ধরে দীপিকা বলিউডে আলোচনায় আছেন। আট ঘণ্টার বেশি কাজ করবেন না বলে শর্ত রেখে বেশ কয়েকটি কাজ হারিয়েছেন তিনি। এছাড়া পারিশ্রমিক বাড়ানো নিয়েও সরব ছিলেন তিনি।
এর জেরে দীপিকা প্রথমে বাদ পড়েন সন্দীপ রেড্ডী ভাঙ্গার ‘স্পিরিট’ থেকে। হাতছাড়া হয় ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলও। এই সিনেমারপ্রথম পর্বে অতি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। সেই চরিত্রটি ছাড়া সিকুয়েল প্রায় অসম্ভবই ছিল।
আগামীতে শাহরুখ খানের ‘কিং’ সিনেমায় দেখা যাবে দীপিকাকে।