Published : 26 Feb 2026, 01:42 PM
‘দুদিন বাড়িতে বসে গেছি, আর যত ঘুঘু ডাকাত হয়ে উঠেছে’- কলকাতার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এই সংলাপ আউড়েছেন ‘আবার প্রলয় ২’ এর দ্বিতীয় সিজনে।
ওটিটিতে সাড়া ফেলা এই সিরিজে পুলিশ কর্মকর্তা ‘অনিমেষ দত্ত’র চরিত্রে আবারো মারকাটারি অ্যাকশনে পাওয়া যাবে শাশ্বতকে।
এই চরিত্রে কাজ করতে কোন বিষয়টি তাকে অনুপ্রাণিত করে জানতে চাইলে সংবাদমাধ্যম ‘এই সময়’কে অভিনেতা বলেন, “শাশ্বত চট্টোপাধ্যায় হয়ে যা যা করতে পারি না, অনিমেষ দত্ত হয়ে সেগুলো করতে পারি। তাই অনিমেষ দত্ত আমাকে সব সময়ে অনুপ্রাণিত করে।”
রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয় ২ এর’ এর দ্বিতীয় সিজন আসছে শুক্রবার, জি ফাইভ বাংলায়।
ট্রেইলার শুরু হতেই দেখা যায় অনিমেষ আর কাজে ফিরবেন না। কিন্তু অনিমেষ যদি ফিরে না আসেন তাহলে দুষ্কৃতীদের দমন করবে কারা? অগত্যা মাঠে নামতেই হয় অনিমেষকে।
এ বিষয়ে শাশ্বত বলেন, “এবার দেখা যাবে অনিমেষ দত্তকে চাকরিতে ফিরতে বাধা দেয় তার স্ত্রী। কারণ পুলিশের চাকরিতে বিপদের ঝুঁকি বেশি। অন্যদিকে চারিদিকে অন্যায় দেখে স্থির হয়েও থাকতে পারছেন না তিনি। এমন একটা দ্বন্দ্ব রয়েছে শুরুতে। সেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে।”
ওটিটিতে অন্ধকার ও বাস্তবধর্মী গল্প বলার সুযোগ বেড়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই বেড়েছে। কারণ যে কোনো ডার্কনেস দূর করাই তো নায়কদের কাজ। ডার্কনেস বলব না, সমাজে অসামাজিক কাজকর্ম তো হয়ই। যা খুবই বাস্তব। সেখান থেকেই আমরা সিনেমা বা সিরিজ বানাই। সেই জায়গায় দাঁড়িয়ে এই সিরিজ অবশ্যই দর্শকদের ভালো লাগবে। আর ভালো লাগবে বলেই তো অনিমেষের মত চরিত্ররা আসে। অন্ধকারকে আলো দিয়ে উজ্জ্বল করাই তাদের কাজ।”
শাশ্বতের কথায়, এই সিরিজের চিত্রনাট্য ‘খুবই টানটান’।
“কিছু জিনিস আছে, যা হয়ত সিনেমায় দেখানো সম্ভব হয় না। কিন্তু ওটিটিতে দেখানো যায়। সেটা লিমিটের মধ্যেই। কিন্তু প্রচণ্ডভাবে বাস্তব। এখানে ভিলেনদের যে অংশগুলো আছে, সেগুলো দেখলে অত্যন্ত রিয়্যালিস্টিক বলে মনে হবে।”
পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শাশ্বতর বর্ণনায় ‘দারুণ’।
“রাজই প্রথম ভেবেছিলেন আমাকে দিয়ে অ্যাকশন করানো যায়। আমি বিশ্বাস করি, ‘প্রলয়’ ফিল্মটা হয়েছিল বলে তার পর ‘শবর’ হয়েছে। ‘প্রলয়’ না হলে হয়ত শবরের চরিত্রে আমাকে ভাবা হত না। রাজ যে কোনো সেটে প্রলয় সৃষ্টি করতে পারেন। রাজ কখনও বলেন না, তার মত করে সব কিছু করতে হবে। অভিনেতাকে স্পেস দেন। অন্যের সাজেশন শোনেন। তার পরে অবশ্যই বলেন উনি নিজে কী চাইছেন।
এই সিরিজে খরাজ মুখোপাধ্যায়কে দেখতে পাওয়া যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য, পার্থ ভৌমিক, সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়াসহ আরো আনেকে।