১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক কথায় বলুন সালমান কেমন? শাহরুখ বললেন ‘সেরা ভাই’

১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘করণ অর্জুন’ সিনেমায় শাহরুখ ও সালমান দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2025, 04:18 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

চ্যাট সেশনের নাম হল ‘আমাকে যা খুশি জিজ্ঞাসা করুন’। এই সেশন বলিউড অভিনেতা শাহরুখ খানের। এক্সে যা তিনি আয়োজন করেছেন তার ৬০তম জন্মবার্ষিকীর আগে ভক্তদের জন্য।

ভক্তরাও সেশনের নামের সার্থকতা রেখেছে। যা তাদের মনে হয়েছে, তা জিজ্ঞাসা করতে পিছপা হননি। শাহরুখও মন রেখেছেন অনুরাগীদের।

এনডিটিভি লিখেছে, সেশন চলাকালে এক ব্যক্তি সালমান খান কেমন মানুষ, সেটা এক কথায় বর্ণনা করতে বলেন শাহরুখকে।

শাহরুখ বলেন, “সেরা ভাই। তাকে ভালোবাসি।”

শাহরুখ খান এবং সালমান খানের সিনেমার ক্যারিয়ার শুরু নব্বইয়ের দিকে। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘করণ অর্জুন’ সিনেমায় তারা দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। যে জুটি সেই সময় ‘ক্ল্যাসিক’ উপাধি কুড়িয়েছিল সমালোচকদের কাছ থেকে।

এরপর ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম তুমহারে হ্যায় সনম’সহ আরো কয়েকটি সিনেমায় একসঙ্গে দুই খান কাজ করেছেন।

কোভিড মহামারীর পর হিন্দি সিনেমার মন্দা বাজারে জোয়ার তোলা শাহরুখের ‘পাঠান’ সিনেমায় সালমান আসেন ক্যামিও চরিত্র নিয়ে। এছাড়া শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম পরিচালনা ‘ব্যাডস অব বলিউড’ সিরিজেও ক্যামিও চরিত্রে কাজ করেছেন সালমান। 

এর মধ্যে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরামে’ সালমান, শাহরুখ ও আমির খান এক মঞ্চে এসে হাজির হন। সেখানে তিন খান নিজেদের দীর্ঘ কর্মজীবন নিয়ে কথা বলেছেন।

নিজেদের বন্ধুত্ব নিয়ে মজার কিছু অভিজ্ঞতা, গল্প দর্শকদের কাছে বলেছেন। এছাড়া দর্শকদের দীর্ঘদিনের চাওয়া, তিন খানের এক পর্দায় আসা নিয়েও কথা বলেছেন শাহরুখরা। তাদের ভাষ্য, তিনজনই এমন একটি সুযোগের অপেক্ষায় আছেন।