Published : 17 Jul 2026, 12:31 AM
সামনে আসছে কলকাতার জনপ্রিয় সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এর তৃতীয় সিজন। আইনজীবী ‘অচিন্ত্য আইচ’ এর সঙ্গে আদালত কক্ষে এবার পাওয়া যাবে ফেলুদা খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে।
কলকাতার সংবাদমাধ্যম এই সময় এবারের সিজনের চিত্রনাট্যের কিছুটা তুলে ধরেছে।
গল্পের শুরু ধনী ব্যবসায়ী নীল রায় বর্মনের রহস্যময় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু দিয়ে। নীলের মৃত্যুর পরে তার স্ত্রী দেবযানী বিশাল সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু শেষকৃত্যের দিনই ঘটে অবিশ্বাস্য ঘটনা। নীলের মত দেখতে এক ব্যক্তি ফিরে এসে দাবি করেন, মর্গে দেহ বদলের ভুল হয়েছিল। ফলে ভুল ব্যক্তির দেহই দাহ করা হয়েছে।
এরপর পরিবারে শুরু হয় অস্থিরতা। নীলের মা শ্রাবণী বিশ্বাস করতে শুরু করেন, ফিরে আসা ব্যক্তিই তার আসল ছেলে।
কিন্তু দেবযানীর দাবি, ওই ব্যক্তি একজন প্রতারক। সত্যি সামনে আনতে তিনি আদালতের দ্বারস্থ হয়। মামলার দায়িত্ব পান অচিন্ত্য আইচ। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে লোভ, খুন, ব্ল্যাকমেইল এবং বহু বছরের লুকিয়ে থাকা পারিবারিক গোপন রহস্য।

শেষ পর্যন্ত সবচেয়ে বড় চমক অপেক্ষা করে শ্রাবণীকে ঘিরেই। তার পরিকল্পিত প্রতিশোধের জালে জড়িয়ে পড়ে পরিবার। এই সিজনে শুধু আদালতের লড়াই নয়, পারিবারিক সম্পর্কের টানাপড়েনও গল্পের গুরুত্বপূর্ণ অংশ।
দিগ্বিজয় সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী।
এই প্রসঙ্গে অভিনেতা বলেন, গল্পের প্লট এবং চরিত্রের জটিলতাই তাকে এই কাজ করতে উৎসাহ দিয়েছে।
“দিগ্বিজয় একজন বুদ্ধিমান, আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞ আইনজীবী। চরিত্রটা ভালো লেগেছে। তা ছাড়া এটা ‘হইচই’-এর সঙ্গে আমার প্রথম কাজ। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতাও আমি উপভোগ করেছি। পাশাপাশি ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে আদালতের দৃশ্য দর্শকদের ভালো লাগবে বলেও আমার বিশ্বাস। এই সিরিজে সবার সঙ্গেই কাজের অভিজ্ঞতা ভালো।”
অচিন্ত্যর ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী জানান, প্রতি সিজনেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তার অভিনীত চরিত্র অচিন্ত্যকে। তবে এ বার প্রতিপক্ষ হিসেবে দিগ্বিজয় সিংহ থাকায় লড়াই আরও কঠিন।

তার কথায়, “সব্যসাচী চক্রবর্তীর মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন ভাগ করে নেওয়া আমার কাছে বিশেষ অভিজ্ঞতা। দর্শকরা এ বার অচিন্ত্যর সবচেয়ে কঠিন মামলার সাক্ষী থাকবেন বলেই মনে করছি। সিরিজের এই পর্বে অনেক ভালো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।”
তৃতীয় মরশুমে গল্পের আবেগ এবং আইনি লড়াই—দুই দিকই আরও বড় পরিসরে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।
এবারে সব্যসাচী চক্রবর্তীর পাশাপাশি মিঠু চক্রবর্তী, ইশা সাহা এবং অভিষেক বসুসহ আরও অনেকে থাকছেন।