০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শিল্পকলায় নজরুলগীতির রাগের মূর্ছনায় ‘বেণুকা’

কবি নজরুলের সৃষ্টিশীল বৈভব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছে শিল্পকলা একাডেমি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 09:53 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বৈচিত্র্যময় রাগভিত্তিক গানের শাস্ত্রীয় সৌন্দর্য তুলে ধরতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল ‘বেণুকা: রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় কাজী নজরুল ইসলাম’।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রোববার সন্ধ্যায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কবি নজরুলের সৃষ্টিশীল বৈভব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছে শিল্পকলা একাডেমি। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “আমরা সংস্কৃতিকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আমাদের নানা বৈচিত্র্যকে ঐক্যবদ্ধ করতে চাই। এর মাধ্যমে দেশ, জাতি ও জনগণের পরিচয় সারা পৃথিবীর বুকে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”

স্বাগত বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, “নজরুলের মত সুরস্রষ্টা সংগীতকার দ্বিতীয়টি নেই। তিনি নিজে গান লিখে ও সুর করে যেসব কালজয়ী সৃষ্টি রেখে গেছেন, তার অভিঘাত শত বছর পরও আমরা অনুভব করি। আমাদের জাতীয় জীবন ও নানা সংগ্রামে নজরুল সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।

“খুব শিগগিরই ১০০ জন বংশীবাদকের সমন্বয়ে নজরুলের গান ও সুর পরিবেশনের একটি বিশেষ আয়োজন করা হবে।”

আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রিয়াংকা গোপের কণ্ঠে ‘এসো শংকর ক্রোধাগ্নি’ দিয়ে শুরু হয় একক সংগীত পরিবেশনা। 

এরপর গান পরিবেশন করেন নাদিয়া আরেফীন শাওন, মুন্নী কাদের, অলোক কুমার সেন, শহীদ কবির পলাশ, ইয়াকুব আলী খান, ড. নাসিদ কামাল, ফাতেমা তুজ জোহরা, মোনালীন আজাদ, ইয়াসমিন মুশতারী, নাহিদ মোমেন, বিজন মিস্ত্রী ও মৃদুলা সমদ্দার।

গানের পাশাপাশি ছিল নৃত্য পরিবেশনা। এস এম হাসান ইশতিয়াক ইমরানের পরিচালনায় ‘কাথ্যাকিয়া দ্য সেন্টার অব আর্টস’ পরিবেশন করে সমবেত নৃত্য ‘পায়েলা বোলে রিনিঝিনি’।

ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস' পরিবেশন করে ‘বন-কুন্তল এলায়ে’। একক নৃত্য পরিবেশন করেন মুনমুন আহমেদ।

অনুষ্ঠানের শেষভাগে জাহিদুল ইসলাম সানির পরিচালনায় শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনায় সমবেত নৃত্য ‘রুম ঝুম রুম ঝুমঝুম ঘণ দেয়া বরষে’ দর্শকদের নজর কাড়ে।