১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এল ‘রঙবাজার’ সিনেমার প্রথম ঝলক

ট্রেইলার প্রকাশ করে সিনেমার মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন পরিচালক।

এল ‘রঙবাজার’ সিনেমার প্রথম ঝলক
‘রঙবাজার’ সিনেমার পোস্টার। ছবি: নির্মাতার সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 12:59 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

মুক্তির অপেক্ষায় থাকা পরিচালক রাশিদ পলাশের ‘রঙবাজার’ সিনেমা মুক্তির পথে এক ধাপ এগিয়েছে। সেই পদক্ষেপে সিনেমার প্রথম ঝলকের পোস্টার সামনে এসেছে। 

এরপর ট্রেইলার প্রকাশ করে ‘রঙবাজারের’ মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন পরিচালক।

রাশিদ পলাশ গ্লিটজকে বলেন, "আমাদের সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। যেহেতু ‘রঙবাজার’ সিনেমার গল্প কিছুটা ভিন্ন রকম, তাই আমরা ধীরে ধীরে এগোচ্ছি। শিগগিরই ট্রেইলার প্রকাশ করব। দেশের যেই পরিস্থিতি একটা রিস্ক তো আছেই এই গল্প নিয়ে। 

“ট্রেইলার প্রকাশের পর পরিস্থিতি বুঝে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা রোজার ঈদ ঘিরে মুক্তির একটা প্রস্তুতি নিচ্ছি।"  

একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনা নিয়ে প্রায় দুই বছর আগে 'রঙবাজার' বানানোর কাজ শুরু করেন পলাশ। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। 

এর আগেও সেন্সর বোর্ডে সিনেমাটি নিয়ে বিপত্তির আশঙ্কা করেছিলেন পরিচালক। 

সে সময় গ্লিটজকে তিনি বলেছিলেন, “সিনেমায় টানবাজারের (নারায়ণগঞ্জের এক সময়ের যৌনপল্লী) উচ্ছেদ পরিকল্পনা এবং উচ্ছেদ পরবর্তী কী পরিস্থিতি তৈরি হয়েছিল সেসব গল্প আমরা সিনেমায় তুলে ধরেছি। সিনেমায় বেশকিছু স্পর্শকাতর জায়গা আছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে উঠে এসেছে।"

চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে ৪০০ বছরের পুরনো যৌনপল্লী এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা।

পলাশের ভাষ্য, "নারায়ণগঞ্জকে পাপ মুক্ত করতে টানবাজার ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু সেই পাপ মুক্ত করতে গিয়ে যে পুরো পাপটি সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটার পেছনেও যে রহস্য ছিল সেই গল্পটা আমরা বলার চেষ্টা করেছি।"

‘রঙবাজারে’ কাজ করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ এক ঝাঁক শিল্পী।

প্রকাশ পাওয়া পোস্টারে জান্নাতুল পিয়া ও তানজিকা আমিনকে দেখা গেছে।

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় সিনেমার শুটিং হয়েছে।

লাইভ টেকনোলজি প্রযোজিত ‘রঙবাজারে’ তিনটি গান রয়েছে। সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব।

মুক্তির প্রস্তুতিতে 'রঙবাজার', কী আছে সিনেমায়