Published : 17 Jul 2026, 10:59 AM
নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ বিশ্বব্যাপী মুক্তির দিনে দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরাও।
গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে দেখানো হবে।
স্টার সিনেপ্লেক্স সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিশ্বব্যাপী মুক্তির দিনেই সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়া হচ্ছে। আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা বড় বাজেটের সিনেমাটি নিয়ে বেশ আলোচনা চলছে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, "ক্রিস্টোফার নোলানের সিনেমার জন্য বাংলাদেশের দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। ‘ওপেনহাইমারের’ সাফল্যের পর তার এই নতুন প্রজেক্ট নিয়ে দর্শক মহলে দারুণ কৌতূহল তৈরি হয়েছে। আমরা আশা করছি, বড় পর্দায় সিনেমাটি দর্শকদের একটি অনন্য অভিজ্ঞতা দেবে।"
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ ও বিপদসংকুল ঘরে ফেরার সংগ্রামকে কেন্দ্র করে। ট্রোজান যুদ্ধ শেষে দেশে ফেরার পথে সমুদ্রের ঝড়, অদ্ভুত প্রাণী ও নানা প্রতিকূলতা পেরিয়ে ২০ বছর পর নিজ রাজ্য ইথাকায় ফেরার লড়াই ফুটিয়ে তোলা হয়েছে এতে।
ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া ওডিসিয়াসের ছেলে টেলিমাকাসের ভূমিকায় টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে দেখা যাবে অ্যান হ্যাথাওয়েকে। সিনেমায় আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন ও মিয়া গোথসহ একঝাঁক তারকা।
পরিচালক ক্রিস্টোফার নোলান এ চলচ্চিত্রকে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং উচ্চাভিলাষী প্রজেক্ট হিসেবে তুলে ধরেছেন।
তিনি জানিয়েছেন, গ্রিক কবি হোমারের অমর মহাকাব্যকে রুপালি পর্দায় নিখুঁতভাবে তুলে ধরা ছিল তার দীর্ঘ চলচ্চিত্রজীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মরক্কো, গ্রিস, ইতালি ও আইসল্যান্ডসহ একাধিক দেশে সিনেমার দৃশ্যধারণ হয়েছে। এছাড়া সম্পূর্ণ সিনেমাটি আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে।
বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ারসহ স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখায় দেখা যাবে সিনেমাটি।