Published : 29 Jan 2026, 11:25 PM
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো; সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল। আর সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’।
বৃহস্পতিবার রাতে ২০২৩ সালের জন্য এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ২৮টি বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর এ তালিকা প্রকাশ করা হয়।
সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা চলচ্চিত্রের পুরস্কার বাগিয়ে নেওয়া ‘সাঁতাও’ এর নির্মাতা খন্দকার সুমন হয়েছেন সেরা পরিচালক। এ চলচ্চিত্র আরেক ক্যাটাগরিতে পেয়েছে সেরার পুরস্কার; সুজন মাহমুদ হয়েছেন সেরা শব্দগ্রাহক।
এবারের পুরস্কার তালিকায় সবচেয়ে বেশি আটটি পুরস্কার পেয়েছে আফরান নিশো অভিনীত চলচ্চিত্র 'সুড়ঙ্গ'।
এছাড়া ‘প্রিয়তমা’ চলচ্চিত্র বিভিন্ন শাখায় পাঁচটি পুরস্কার পেয়েছে।
এ বছর যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং প্রয়াত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।

পুরস্কার পেলেন যারা
>> সেরা অভিনেতা আফরান নিশো; চলচ্চিত্র 'সুড়ঙ্গ'
>> সেরা অভিনেত্রী আইনুন পুতুল; চলচ্চিত্র ‘সাঁতাও’
>> সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’
>> সেরা পরিচালক কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন); চলচ্চিত্র ‘সাঁতাও’
>> আজীবন সম্মাননা: প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং প্রয়াত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু
>> সেরা পার্শ্ব অভিনেতা মনির আহম্মেদ শাকিল; ‘সুড়ঙ্গ’
>> সেরা পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা; ‘ওরা সাতজন’
>> সেরা অভিনেতা খলচরিত্রে আশীষ খন্দকার; ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’
>> সেরা অভিনেতা কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম; ‘সুড়ঙ্গ’
>> সেরা শিশুশিল্পী মো. লিয়ন; ‘আম কাঁঠালের ছুটি’
>> শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার আরিফ হাসান আনাইরা খান; ‘আম কাঁঠালের ছুটি’
>> সেরা গায়ক বালাম; ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের প্রিয়তমা গানের জন্য
>> সেরা গায়িকা অবন্তী দেব সিঁথি; 'সুড়ঙ্গ' চলচ্চিত্রের ‘গোটা পৃথিবীতে খুঁজো, এ গাঁ ছুঁয়ে বলো গানের জন্য’
>> সেরা গীতিকার সোমেশ্বর অলি; ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ইশ্বর’ গানের জন্য
>> সেরা সুরকার হয়েছেন প্রিন্স মাহমুদ; ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ইশ্বর’ গানের জন্য
>> সেরা কাহিনীকার ফারুক হোসেন; ‘প্রিয়তমা’
>> সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা; ‘রক্তজবা”
>> সেরা সংলাপ রচয়িতা (যুগ্মভাবে) রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা; ‘সুড়ঙ্গ’
>> সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ; ‘ওরা সাতজন’
>> সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম; ‘সুড়ঙ্গ’
>> সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার; ‘সুড়ঙ্গ’
>> সেরা শব্দগ্রাহক সুজন মাহমুদ; ‘সাঁতাও’
>> সেরা পোশাক ও সাজসজ্জা বীথি আফরীন, ‘সুড়ঙ্গ’
>> সেরা মেকআপম্যান সবুজ; ‘প্রিয়তমা’
>> সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মরিয়ম (নির্মাতা চৈত্রালী সমদ্দার)
>> সেরা প্রামাণ্যচিত্র লীলাবতী নাগ: দ্য রেবেল (নির্মাতা এলিজা বিনতে এলাহী)
>> সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান; চলচ্চিত্র 'লাল শাড়ি'
>> সেরা সংগীত পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন (ইমন চৌধুরী); চলচ্চিত্র 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'

এটি সত্যি, না কি স্বপ্ন: পুতুল
পুরস্কারের ঘোষণার খবর শোনার পর অভিনেত্রী পুতুল গ্লিটজকে বলেন, "বিষয়টি এখনও আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। এটি সত্যি, না কি স্বপ্ন সেই দ্বিধা এখনো কাটেনি। এই বিশাল প্রাপ্তির অনুভূতি হয়ত ধীরে ধীরে উপলব্ধি করতে পারব।"
পুরো এক বছরের বেশি সময় ধরে সিনেমাটির শুটিং চলার কথা তুলে ধরে তিনি বলেন, “বন্যা, খরা ও বর্ষায় শুটিং চলেছে। পুরো দলের সবার সম্মিলিত ত্যাগ ও সহযোগিতার কারণে আমি অভিনয়টা করতে পেরেছি। এই প্রাপ্তি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।"
সিনেমার নির্মাতা ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "সিনেমাটির জন্য পুরো টিমকে দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। শুধু আমি একা নই, প্রোডাকশন বয় থেকে শুরু করে ক্যামেরার পেছনের প্রতিটি মানুষই এই সিনেমার জন্য অনেক কষ্ট করেছেন।“