Published : 09 Jan 2025, 06:12 PM
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগান নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ঢাকায় শুরু হচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
১১ থেকে ১৯ জানুয়ারি এ উৎসবে ৭৫ দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২২০টি চলচ্চিত্র দেখানো হবে, যার মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র ৪৪টি।
বৃহস্পতিবার ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।
তিনি বলেন, “আশা করছি, চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশসহ বিভিন্ন দেশের নির্মাতা, শিল্পী ও কলাকুশলী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের অংশগ্রহণে এবারের উৎসব আরো বেশি প্রাণবন্ত ও সাফল্য মণ্ডিত হবে।”
বরাবরের মতই এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে দেখানো হবে উৎসবের সিনেমাগুলো।
এর সঙ্গে থাকছে ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ ও ‘মাস্টারক্লাস’।
ঢাকার এ উৎসবে জুলাই গণ-অভ্যত্থানের ওপর থাকবে বিশেষ প্রদর্শনী। ১২, ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি
সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে।
নবীন ও প্রবীণ শিল্পীদের শিল্পকর্ম নিয়ে ৯-১৭ জানুয়ারি অলিয়ঁস ফ্রঁসেজের ল্যা গ্যালেরি মিলনায়তনে হবে চিত্রকর্ম প্রদর্শনী।
ঢাকার পাঁচটি স্থানের ছয়টি কেন্দ্রে দেখানো হবে সিনেমা। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, অলিয়ঁস ফ্রঁয়েজ মিলনায়তন, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও গ্রীন ইউনিভার্সিটির মিলনায়তনে বিনামূল্যে চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। সীমিত আসন সংখ্যায় অগ্রাধিকার ভিত্তিতে আসন বণ্টন করবেন আয়োজকরা।
উদ্বোধনী আয়োজন
শনিবার বিকাল ৪টায় পর্দা উঠবে উৎসবের। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম উদ্বোধনে উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এছাড়া উদ্বোধনী পর্বে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী দিনে সংগীত পরিবেশন করবে ‘জলের গান’।
এবারের আয়োজনে কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন। বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করা হবে এদিন। দেখানো হবে চিউ ঝ্যাং পরিচালিত চীনা চলচ্চিত্র ‘মুন ম্যান’।
উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স
উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্রে নারীর ভূমিকা নিয়ে ১২ থেকে ১৩ জানুয়ারী ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে হবে ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’।
নারী নির্মাতারা তাদের কাজের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় নিয়ে বিশ্বের খ্যাতিমান নারী নির্মাতাদের সঙ্গে মতবিনিময় করার সুযোগ পাবেন সেখানে।
কনফারেন্সের উদ্বোধনী দিনে কিশওয়ার কামালের সভাপতিত্বে অতিথি হিসেবে থাকবেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পারভীন হাসান, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং চীনের চলচ্চিত্র পরিচালক ও লেখক ঝ্যাং ইয়ুদি।
মাস্টার-ক্লাস
এবারের উৎসবে তৃতীয়বারের মত থাকছে ‘মাস্টারক্লাস’। জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে ১৭-১৮ জানুয়ারি এ আয়োজনে কথা বলবেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক ঝাং ইউদি, সার্বিয়ার চলচ্চিত্র পণ্ডিত অধ্যাপক ড্রেগেন মিলিনকোভিচ, নরওয়ের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক অগি হোফার্ট এবং বাংলাদেশের চিত্রগ্রাহক রাশেদ জামান।
মাস্টারক্লাসের দুই দিনের আয়োজনে অংশ নিতে পারবেন কেবল নিবন্ধিত অতিথিরা। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিকে নিবন্ধন দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।

প্রতিযোগিতা ও প্রদর্শনী
এশিয়ান সিনেমা কম্পিটিশন: এশিয়ার বিভিন্ন দেশ থেকে ১৭টি চলচ্চিত্র নিয়ে গঠিত এ বিভাগের সেরা চলচ্চিত্র নির্ধারণে থাকছেন পাঁচ সদস্যের একটি স্বাধীন আন্তর্জাতিক জুরি বোর্ড। বিজয়ী চলচ্চিত্রগুলো পুরস্কার হিসেবে পাবে ক্রেস্ট, সার্টিফিকেট এবং এক লাখ টাকা।
এর বাইরে শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য থাকছে সার্টিফিকেট ও ক্রেস্ট।
রেট্রোস্পেকটিভ বিভাগ: এবার বিভাগটিতে থাকছে রাশান স্বনামধন্য নির্মাতা এলেক্সি ফেডর চেনকো’র চলচ্চিত্র।
ইতিহাস, লোককাহিনি ও মানবিক গল্পের মিশেলে চলচ্চিত্রের এ জাদুকরের মোট ছয়টি চলচ্চিত্র দেখানো হবে এবারের আসরে। এর মধ্যে রয়েছে ‘এঞ্জেলস অব রেভুলিউশন’, ‘আতাভিজম’, ‘বিগ স্নেক অব উলি-কালি’, ‘ফার্স্ট অন দ্য মুন’, ‘আনা’স ওয়ার’ ও ‘দ্য রেলওয়ে’।
বাংলাদেশ প্যানোরামা: এ বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একই বিভাগে বাংলাদেশের তরুণ নির্মাতাদের নির্মিত সর্বোচ্চ ১৫ মিনিটের ১৫টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দেখানো হবে।
আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশন- ফিপ্রেসি বাংলাদেশ প্যানোরামার পূর্ণদৈর্ঘ্য বিভাগে একটি চলচ্চিত্র সমালোচক পুরস্কার দেবে। দেশের চলচ্চিত্রের প্রচার-প্রসার ও আন্তর্জাতিক বাজার উন্নয়নের লক্ষ্যে উৎসব কমিটি বিভাগটির সংযোজন করেছে।
ফিপ্রেসির তিন সদস্যের জুরি বোর্ড এ বিভাগ থেকে একটি সেরা সিনেমা বাছাই করবে। সিনেমাটি সেরা সমালোচক পুরস্কার হিসেবে পাবে ফিপ্রেসির একটি সনদ।
ওয়াইড অ্যাঙ্গেল: উৎসবের ফোকাস কান্ট্রি চীন। সেজন্য এ বিভাগে চীনের ১৫টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
সিনেমা অব দ্য ওর্য়াল্ড: এ বিভাগে ৪৩টি দেশের বাছাই করা সমকালীন ৩৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
চিলড্রেন্স বিভাগ: এই বিভাগে দেখানো হবে ১০টি শিশুতোষ চলচ্চিত্র। এবারও সকল শিশুর জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এই বিভাগ থেকে একটি চলচ্চিত্র ‘বেস্ট জুভেনাইল অডিয়েন্স বাদল রহমান অ্যাওর্য়াডের জন্য মনোনীত হবে, পুরস্কার হিসেবে থাকবে সনদ ও ক্রেস্ট।
স্পিরিচুয়াল ফিল্মস: এ বিভাগে ১৭টি সিনেমা প্রদর্শিত হবে। ধর্মীয় বিশ্বাস, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা এবং মানবতাবাদী চলচ্চিত্রগুলো এতে অন্তর্ভুক্ত হয়েছে।
ভাববাদী চলচ্চিত্রের এই বিভাগের জন্য ইন্টারফেইথ জুরি একটি শ্রেষ্ঠ কাহিনীচিত্র ও একটি শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র নির্ধারণ করবে। পুরস্কার হিসেবে থাকবে সার্টিফিকেট ও ক্রেস্ট।
উইমেন ফিল্ম মেকারস সেশন: দেশ ও বিদেশের নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে এই বিভাগটি সাজানো হয়েছে। এতে দেশি-বিদেশি ২৭টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে।
চার সদস্যের এ বোর্ড বিভাগের একটি শ্রেষ্ঠ কাহিনীচিত্র এবং একটি শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রকে পুরস্কারের জন্য নির্বাচিত করবেন। এছাড়া এই বিভাগ থেকে একজন শ্রেষ্ঠ নারী নির্মাতাকেও পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকবে সনদ ও ক্রেস্ট।
শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্মস বিভাগ: এই বিভাগে নবীন ও স্বাধীন চলচ্চিত্র নিমার্তাদের তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রসমূহ প্রদর্শিত হবে। এতে প্রদর্শিত হবে দেশি-বিদেশি ৫২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র।
সমাপনী
১৯ জানুয়ারি পর্দা নামবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সমাপনী দিনে অতিথি হয়ে আসবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার আয়োজকদের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু, চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল, সাংবাদিক রফিকুজ্জামান, সাদিয়া খালিদ রীতি।
‘রেইনবো চলচ্চিত্র সংসদ’ ১৯৭৭ সাল থেকে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনে ভূমিকা রেখে চলেছে। আন্দোলনের অংশ হিসেবে ১৯৯২ সাল থেকে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ আয়োজন, চলচ্চিত্র বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘সেলুলয়েড’ প্রকাশনার পাশাপাশি নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার ও শুদ্ধসংগীতের আসর আয়োজন করছে সংগঠনটি।