১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যে কারণে নির্মাণ হল ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার ‘রিমেক’

“এই বয়সে এসে হঠাৎ আমার মনে হল আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই।”

যে কারণে নির্মাণ হল ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার ‘রিমেক’
‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 03:54 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

গেল বছর ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার ‘রিমেক’ হিসেবে ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামের যে সিনেমাটির নির্মাণ শুরু হয়েছিল, সেটির কাজ শেষ হয়েছে।

সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে নির্মাতা টিম।

সিনেমার প্রযোজক হাবিবুর রহমান খান গ্লিটজকে বলেন, "গেল মাসে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি পূজায় মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।"  

কলকাতার নির্মাতা বাসু চ্যাটার্জি ‘হঠাৎ বৃষ্টি’ বানিয়ে দারুণ সাড়া তুলেছিলেন ২৮ বছর আগে। কেবল চিত্রনাট্য নয়, নচিকেতা চক্রবর্তীর গাওয়া গানগুলিও এই সিনেমাকে নিয়েছিল অন্য উচ্চতায়।      

সেই সিনেমারই চিত্রনাট্যে কোনো ধরনের ‘বদল না এনে’ মুক্তির ২৮ বছর পর নতুন জুটি আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিনকে নিয়ে ‘আবার হঠাৎ বৃষ্টি’ নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।      

সিনেমাটি নতুন করে রিমেক করার কারণ কী প্রশ্নে প্রযোজক হাবিবুর রহমান বলেন, "সিনেমা দেখা, সিনেমা নির্মাণ, সিনেমায় বিনিয়োগ আমার একটা প্যাশন। এই বয়সে এসে হঠাৎ আমার মনে হল আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই, তাই 'আবার হঠাৎ বৃষ্টি' সিনেমা করার ইচ্ছা পোষণ করলাম।  

"তখনকার সময়ে তরুণ দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে অনেক ক্রেজ ছিল, এখনকার দিনে দর্শকরা সিনেমাটি কীভাবে নেয় সেটা দেখতেই সিনেমাটি নির্মাণের আগ্রহ হলো। একদম দুইজন নতুন ছেলে মেয়ে নিয়ে কাজটি করা। ২৮ বছর আগে আলোড়ন ফেলা সিনেমা এখনকার দিনে তরুণরা একসেপ্ট করে কিনা শুধুমাত্র সেটা দেখার জন্যই সিনেমাটি নির্মাণ করা।"  

১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটির প্রধান দুই অজিত ও দীপার চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। রিমেক এই সিনেমায় অজিত হয়েছেন আরিয়ান আর দীপার চরিত্রে রাদিফা।  

‘আবার হঠাৎ বৃষ্টি’তে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরীসহ অনেকে।    

আগের ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি ভারতীয় পটভূমিতে নির্মাণ হলেও এই সিনেমাটির দৃশ্যধারণ সম্পূর্ণ বাংলাদেশে হয়েছে।

২৭ বছর পর ফের ‘হঠাৎ বৃষ্টি’, হচ্ছে ‘রিমেক’