সাঁওতালদের জীবন দেখাবে ‘মন পাখি’
নির্মাতা টিনা খান জানিয়েছেন, প্রচলিত গল্পের বাইরে গিয়ে বাস্তবজীবনের কাছাকাছি একটি গল্প দর্শকদের সামনে তুলে ধরার লক্ষ্যেই সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন ও সংস্কৃতি তুলে ধরবে ‘মন পাখি’ নামের একটি সিনেমা।
পরিচালনা করেছেন টিনা খান। গল্প ভাবনাও তার। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
‘মন পাখি’তে সাঁওতাল জনগোষ্ঠীর মানুষের দৈনন্দিন জীবন, একে অপরের সঙ্গে সম্পর্ক, ভালোবাসা, সংগ্রাম এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনী।
নির্মাতা টিনা খান জানিয়েছেন, প্রচলিত গল্পের বাইরে গিয়ে বাস্তবজীবনের কাছাকাছি একটি গল্প দর্শকদের সামনে তুলে ধরার লক্ষ্যেই কাজ করছেন তিনি।
টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার বেশ কিছু লোকেশনে সিনেমার প্রথম অংশের দৃশ্যধারণ করা হয়েছে।
অভিনেতা সনি রহমান বলেন, তিনি নানা ধরনের গল্পে নাটক ও সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু এমন গল্পে আগে অভিনয় করা হয়নি।
“এমনকি সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এ ধরনের গল্প নিয়ে সিনেমা হয়েছে কি না, সেটিও আমার জানা নেই। বাস্তব জীবনের গল্প হওয়ায় চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং।"
বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জ্যাকি আলমগীর, রেবেকা, আমিন সরকার, হমুদুল ইসলাম মিঠু, ফাইয়াজ আহমেদ ববি, মুনমুন আহমেদসহ অনেকে।মন পাখির চিত্রগ্রহণে রয়েছেন আসাদুজ্জামান মজনু। অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন দেলোয়ার হোসেন চুন্নু। সংগীত আয়োজন করছেন শওকত আলী ইমন।
