২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফের একসঙ্গে প্রসেনজিৎ-অনির্বাণ, আসছেন থ্রিলার সিনেমায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের নতুন সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে গত সপ্তাহে।

ফের একসঙ্গে প্রসেনজিৎ-অনির্বাণ, আসছেন থ্রিলার সিনেমায়
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2024, 12:28 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

‘দশম অবতার’ সিনেমার পর থ্রিলারধর্মী কাজ নিয়ে ফের এক ফ্রেমে ধরা দিচ্ছেন কলকাতার দুই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। 

পরিচালক রাহুল মুখার্জির নতুন একটি সিনেমায় পর্দায় আসছেন এই দুই অভিনেতা। 

আনন্দবাজার লিখেছে, কলকাতায় প্রযোজনা সংস্থা এসভিএফের অফিসে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। যেখানে সিনেমার কলাকুশলীরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন।

শোনা যাচ্ছে, একটি দক্ষিণী সিনেমার আদলে এই সিনেমাটি তৈরি হতে যাচ্ছে। তবে চূড়ান্ত হয়নি নাম। 

সিনেমাতে আরো থাকছেন প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পারিজাত চৌধুরীসহ আরো কয়েকজন।  

এর আগে ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ চলচ্চিত্র দুটি পরিচালনা করেছেন রাহুল। তবে এবার তার কাজ থ্রিলার ঘরানা নিয়ে।

সিনেমাটি নিয়ে রাহুল বলেন, "ক্যারিয়ারের শুরুর দিকেই এত বড় সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। ”

প্রসেনজিৎ ও অনির্বাণকে নিয়ে রাহুল বলেন, " আমার তো মনে হচ্ছে, তারা দুজনেই আমাকে শুটিং ফ্লোরে সামলাবেন। বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) নিয়মানুবর্তিতায় বিশ্বাসী। অন্যদিকে, অনির্বাণ নিজে একজন পরিচালকও বটে। সবাই মিলে একটা ভালো সিনেমা তৈরি করার অপেক্ষায় রয়েছি। 

“এই প্রথম থ্রিলার পরিচালনা করতে চলেছি। বুঝতেই পারছি, সব মিলিয়ে নতুন একটা অভিজ্ঞতা হতে চলেছে।” 

চলতি মাসে কলকাতায় এই সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। আসছে দুর্গাপূজায় সিনেমা মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালনায়।