ছয়টি গান নিয়ে ফিরছে 'কোক স্টুডিও বাংলা'
এবারে তারকা শিল্পীদের পাশাপাশি উদীয়মানরাও থাকছেন।
এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে ফিরছে ‘কোক স্টুডিও বাংলা’।
কোকা-কোলা কোম্পানির এই প্ল্যাটফর্মটির 'সিজন ৩' শনিবার থেকে শুরু হতে যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই প্ল্যাটফর্মটির সবশেষ প্রকাশিত গান ছিল ওয়ারফেজ ব্যান্ডের 'অবাক ভালোবাসা'।
এবারের তৃতীয় সিজনে আসতে চলেছে ছয়টি গান; যেখানে তারকা শিল্পীদের পাশাপাশি উদীয়মানরাও থাকছেন।
কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব বলেন, "এই সিজনে প্রতিভাবান সব শিল্পীদের একত্রিত করা হয়েছে এবং তারা মিলে দারুণ কিছু তৈরি করেছেন।
“আমি খুবই আশাবাদী যে, প্রতিটি গান সৃষ্টির সময় আমরা যে আবেগ ও আনন্দ অনুভব করেছি আমাদের শ্রোতারাও সেটা অনুভব করবেন।"
কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, "আবারও আমাদের শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত।"
"শুরু থেকেই কোক স্টুডিও বাংলা সবচেয়ে সুন্দর ও সৃজনশীলভাবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজনের বাকি অংশে থাকছে বেশ কিছু অসাধারণ মুহূর্ত ও চমক, যেগুলো দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।"
শ্রোতারা স্পটিফাই ও কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই পরিবেশনা উপভোগ করতে পারবেন।
আগের খবর
