Published : 16 Nov 2025, 08:34 PM
কিংবদন্তি শিল্পী রুনা লায়লার জনপ্রিয় গান ‘মাস্ত কালান্দর’ নতুন উপস্থাপনায় প্রকাশ্যে এল কোক স্টুডিও বাংলায়।
রুনা লায়লার জন্মদিন ঘিরে রোববার রাতে প্রচার হয়েছে গানটি। এ গান দিয়েই কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শেষ হয়েছে।
কোক স্টুডিও এক বিজ্ঞপ্তিতে বলেছে, শায়ান চৌধুরী অর্ণব ও অদিত রহমান প্রযোজিত ‘মাস্ত কালান্দর’ গানটি নতুন রূপে হাজির হয়েছে। এতে চিরায়ত কাওয়ালির আধ্যাত্মিক সুর, বাংলার লোকজ ভাব ও আধুনিক সংগীতের মিশ্রণ ঘটেছে।
গানটির শুরুতেই রয়েছে মাখন মিয়ার কণ্ঠে হাসন রাজার বাংলা গানের একটি ছোট হৃদয়গ্রাহী অংশ।
পরে ধীরে ধীরে যোগ হয়েছে সুফি ঘরানার গভীরতা, লোকজ ছন্দ ও সমসাময়িক বাদ্যযন্ত্র।
গানে একসঙ্গে কাজ করেছেন দুই প্রজন্মের শিল্পীরা। শিল্পী ফোয়াদ নাসেরের পাশাপাশি কোক স্টুডিও বাংলার নতুন প্রজন্মের শিল্পীরাও গানটিতে অংশ নিয়েছেন।
রুনা লায়লার দীর্ঘ সংগীত জীবনে ‘মাস্ত কালান্দর’ গানটি একটি বিশেষ স্থান দখল করে আছে। ছয় দশকের বেশি সময় ধরে গান গাওয়া এই শিল্পী ১৮টির বেশি ভাষায় গান করেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ পুরো দক্ষিণ এশিয়ার সংগীত–সেতুবন্ধনের গুরুত্বপূর্ণ মুখ তিনি।
রুনা লায়লা মনে করেন, কোক স্টুডিও বাংলার আয়োজনে ‘মাস্ত কালান্দর’ গানের নতুন এই উপস্থাপনা তার গাওয়া কালজয়ী সংস্করণটিকে আবারও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে।
তিনি বলেন, “মাস্ত কালান্দর সবসময়ই আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নতুনভাবে, তরুণ শিল্পীদের সঙ্গে আবার গানটি গাইতে পেরে আমি আনন্দিত। প্রজন্ম–পরম্পরায় গানটির নতুনভাবে ফিরে আসা আমাকে আনন্দ দিয়েছে।”
শুরু থেকেই কিউরেটর, গায়ক ও সুরকার হিসেবে কোক স্টুডিও বাংলার আর্ট ডিরেক্টর হিসেবে ছিলেন শায়ান চৌধুরী অর্ণব।
তিনি বলেন, “এই গান স্মৃতি, ভক্তি ও সংস্কৃতির অনুভূতি বহন করে। রুনা লায়লা আপুর কণ্ঠে নতুনভাবে এই গানটিকে পাওয়া আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত।
“‘মাস্ত কালান্দর’ শুধু গান নয়, এটি সকল শ্রোতার সাথে এক সেতুবন্ধন যারা এই গানকে জীবন, শিক্ষা ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে রেখেছেন। এই গান দিয়েই ঐতিহ্য, কণ্ঠ ও সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে কোক স্টুডিও বাংলার সিজন ৩-এর একটি দারুণ পরিসমাপ্তি হচ্ছে।"