Published : 23 Sep 2024, 12:43 PM
‘বহুরূপ’ নামের একটি সিনেমার শুটিংয়ে হোঁচট খেয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। অর্থসংকটের কারণে শুটিং বন্ধ হয়েছে বলে শোনা গেছে।
আনন্দবাজার লিখেছে, গত মাসে ‘বহুরূপ’র শুটিং শুরু হয়েছিল। তাতে ইধিবার নায়ক হলেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। কিন্তু কাজ শুরুর পর থেকেই বিভিন্ন খরচ নিয়ে বকেয়ার মুখে পড়ে সিনেমা টিম।
তাই এ মুহূর্তে শুটিং বন্ধ আছে। কবে থেকে নতুন করে কাজ শুরু হবে, সেই দিন তারিখও নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

সিনেমার পরিচালক আকাশ মালাকার বলেন, “পারিশ্রমিক বাকি থাকায় সমস্যা হয়েছিল। প্রযোজকেরা পরে সেই সমস্যার সমাধান করে ফেলেছেন। আর সিনেমার শুটিং চিরতরে বন্ধ হয়ে গিয়েছে যে খবর শোনা যাচ্ছে সেটি স্রেফ গুজব।“
আকাশ জানিয়েছেন, মাত্র তিন দিনের শুটিং বাকি আছে। কলাকুশলীদের কাছ থেকে সময় পাওয়া গেলে চলতি মাসের মধ্যেই শুটিং তিনি শেষ করে ফেলতে পারবেন।
‘বহুরূপ’ সিনেমায় সোহমকে দর্শকরা নতুনভাবে আবিষ্কার করবেন বলেও জানিয়েছেন পরিচালক। কারণ এতে সোহম সাতটি লুকে হাজির হবেন দর্শকদের সামনে।
এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, ভরত কলসহ আরো অনেকে। বছরের শেষে মুক্তি পেতে পারে ‘বহুরূপ’।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা হওয়ার সুবাদে ইধিকা দারুণ পরিচিত বাংলাদেশের দর্শকদের কাছে।
কলকাতায় ইধিকার কাজ অনিশ্চয়তার মুখে দাঁড়ালেও আগামীতে ফের শাকিবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসছেন এই অভিনেত্রী।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ নামের ওই সিনেমার শুটিংও শিগগিরই শুরু হতে যাচ্ছে।
এছাড়া হাসিবুর রেজার ‘কবি’ নামে আরেকটি সিনেমায় ইধিকা অভিনয় করেছেন।