২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

অক্ষয়ের কাছ থেকে কুর্তা ‘ধার করতে হয়’ অমিতাভকে, ঘটেছিল কী

“ট্রেতে করে আনা চারটি গ্লাসের পানি অমিতাভজির কুর্তার উপর ফেলে দেন আমার কর্মী।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 12:53 AM

Updated : 19 Sep 2026, 02:24 PM

বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চকে হঠাৎ করে চোখের সামনে দেখে থমকে যান বহু অনুরাগী। হয় কেউ মুখের ভাষা হারান, অথবা প্রণাম করতে ঝাঁপিয়ে পড়েন বা আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে চোখের জলও ফেলেন অনেক। এমন ঘটনা নতুন নয়।

তবে অভিনেতা অক্ষয় কুমারের গৃহকর্মী অমিতাভকে দেখে যা করেছিলেন, তা ভোলেননি দুজনের কেউই।

এনডিটিভি জানিয়েছে কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এসে সেই গল্প শোনান অক্ষয়। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন সাইফ আলি খান। দুজনে তাদের আসন্ন সিনেমা ‘হাইওয়ান’-এর প্রচারে গিয়েছিলেন ওই শোয়ে। 

অক্ষয় বলেন, এক সময় মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় থাকতেন তিনি। সেই সময় তার বাড়িতে অতিথি হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। তার বাড়ির এক কর্মী ছিলেন অমিতাভের অনুরাগী। প্রিয় তারকাকে এত কাছ থেকে সামনে দেখে তিনি রীতিমত হতবাক হয়ে যান। উত্তেজনায় সব ভণ্ডুল করে ফেলেন তিনি।

অক্ষয় বলেন, “অমিতাভজির জন্য পানি আনেন আমার বাসার কর্মী। যার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। তো তিনি চোখের সামনে অমিতাভজিকে দেখেও বিশ্বাস করতে পারছিলেন না। ট্রেতে করে আনা চারটি গ্লাসের পানি অমিতাভজির কুর্তার উপর ফেলে দেন আমার কর্মী।”

অক্ষয়ের এই কথায় অমিতাভ, সাইফ থেকে শুরু করে দর্শক সারিতে বসা সবই হেসে ওঠেন। 

অক্ষয় বলেন, বাধ্য হয়ে তার একটি কুর্তা ধার দিতে অমিতাভকে। সেটি পরেই অমিতাভকে বাড়ি ফিরতে হয়।

অক্ষয় ও অমিতাভ বেশ কয়েকটি সিনেমায় এক সঙ্গে কাজ করেছেন। তাদের প্রথম সিনেমা ‘দ্য রিশতা: দ্য বন্ড অব লাভ’। এছাড়া ‘খাকি’, ‘আব তুমহারে হাওয়ালে ওয়াতান সাথিয়াও’, ‘ওয়াক্ত’সহ আরও কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেন তারা।

নব্বইয়ের জনপ্রিয় অভিনেতা অক্ষয়ের ৫৯তম জন্মবার্ষিকী বুধবার। অভিনয়জীবনের শুরুর দিকে বেশির ভাগ সিনেমায় পুলিশের চরিত্রে দেখা যেত তাকে। অক্ষয় নিজেও বলেছেন, কতবার পুলিশের চরিত্রের জন্য এই বাহিনীর পোশাক তার গায়ে উঠেছে, তার হিসেব নেই। 

তবে তার অভিনীত কমেডি চরিত্রও কম নেই। 

পাঞ্জাবের অমৃতস্বরে জন্ম অভিনেতার। নানা সময়ে দেওয়া সাক্ষাৎকারে অনেকবারই অক্ষয় বলেছেন, টাকা আয়ের জন্যই তিনি অভিনয় শুরু করেন। 

যখন তার মনে হয় বাকি জীবন চলার জন্য যথেষ্ট অর্থ জমা হয়েছে, তখনই তিনি কনটেন্টধর্মী সিনেমায় অভিনয়ে মনোযোগী হন।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত অক্ষয় অভিনীত বেশির ভাগ সিনেমাই ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করে।

গেল পাঁচ-ছয় বছর ধরে অক্ষয়ের বেশিরভাগ সিনেমা থেকেই দর্শক মুখ ফিরিয়ে নিয়েছেন। নিজের ব্যর্থতা অবশ্য মাথা পেতে নিয়েছেন অক্ষয়। তিনি জানিয়েছেন, দর্শকের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন। তবে প্রতিশ্রুতি দিয়েছেন, শিগগিরই ফিরবেন স্বমহিমায়।