১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সচিবালয় একবার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত হবে ডিসেম্বরের মধ্যে: উপদেষ্টা রিজওয়ানা

“দেশে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইনত নিষিদ্ধ না হলেও সরকার এটিকে নিরুৎসাহিত করছে,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 05:17 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

আগামী ডিসেম্বরের মধ্যে সচিবালয় একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার বিকালে সচিবালয়ে তিনি বলেন, “সরকারি অফিসগুলোকে একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরিয়ে আনতে সচিবালয়কে দিয়েই যাত্রা শুরু করা হয়েছে।”

উপদেষ্টা বলেন, “পানির বোতলসহ অন্যান্য একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার ডিসেম্বরের মধ্যে বন্ধ করা হবে। দেশে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইনত নিষিদ্ধ না হলেও সরকার এটিকে নিরুৎসাহিত করছে।

“ইতোমধ্যে বিভিন্ন দূতাবাস ও বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত ঘোষণা করেছে।”

এর আগে সকালে সচিবালয়ের ২ ও ৫ নম্বর প্রবেশপথে পরিবেশ সচিব ফারহিনা আহমেদ একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার বন্ধে নেওয়া উদ্যোগ তদারক করেন। এ সময় কর্মকর্তাদের কাছ থেকে প্লাস্টিক ব্যাগ ও ফাইল সংগ্রহ করে তাদের কাপড়ের বিকল্প ব্যাগ সরবরাহ করা হয়।

সচিব সচিবালয়ের ভেতরে সচেতনতামূলক পোস্টার, বোর্ড ও স্ট্যান্ডি পরিদর্শনের পাশাপাশি পর্যটন করপোরেশনের ক্যাফেটেরিয়া ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যান্টিনও ঘুরে দেখেন। এছাড়া সচিবালয়ের সব প্রবেশপথে পুলিশ সদস্যরা সার্বক্ষণিকভাবে একবার ব্যবহার্য প্লাস্টিক বহন রোধে তল্লাশি চালাচ্ছেন।