Published : 24 Jun 2026, 09:23 PM
বেশিরভাগ পণ্য আমদানি নির্ভর হওয়ার পরও জ্বালানি তেল, সার, চালসহ অনেক আবশ্যকীয় পণ্যের মজুতে বাংলাদেশের সক্ষমতা খুবই কম বলে স্বীকার করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এমন পরিস্থিতিতে জ্বালানিসহ আবশ্যকীয় পণ্যের মজুত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা বলেছেন তিনি।
আমদানি বন্ধ করতে দেশের সার কারখানায় সারা বছর বিশেষ লাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ করতে সরকারের পরিকল্পনা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ব্যবসাবন্ধব অর্থনীতি করতে সরকার অনেক পরিকলনা রয়েছে। অর্থনীতি সচল করতে নিরবচ্ছিন্ন জ্বালানি প্রয়োজন, এটা গুরুত্বপূর্ণ। সেটা সরকারের অগ্রাধিকারে রয়েছে।”
বুধবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনোমিক রিপোর্টাস ইউনিটি (ইআরএফ) কার্যালয়ে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭; এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক কর্মশালায় শিল্পমন্ত্রী এ কথা বলেন।
ইআরএফ ও এসএমই ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় মন্ত্রী বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছাতে প্রতি ধাপে মূল্য যাচাই করা হবে। পণ্যে ‘প্রাইস ট্যাগ’ যুক্ত করা হবে। এর মাধ্যমে মাঝপথে কেউ পণ্যেরর দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। কোন মধ্যস্বত্বভোগীকে সুযোগ দেওয়া যাবে না।”
উন্নত দেশের অর্থনীতিতে এসএমই খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান ও একইভাবে রাজস্ব আদায়ের হার বেশি থাকে। বাংলাদেশে তা হয়নি মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, “আমাদের দেশে মোট দেশজ উৎপাদনের তুলনায় এসএমই খাতে রাজস্ব আদায়ের হার ৩৪ শতাংশ। অন্যান্য সূচকের সঙ্গে এখানেও আমরা খানিকটা পিছনে আছি।”

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী, এসএমই খাতের উন্নয়নের জন্য ৭ হাজার ৮০০ কোটি টাকা রাখা হয়েছে। বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজে এসএমই খাতে রয়েছে ৫ হাজার কোটি টাকা।
এর বাইরে বিভিন্ন খাতে এসএমই বাবদ ৮০০ কোটি টাকা রাখার তথ্য দিয়ে আব্দুল মুক্তাদির বলেন, এটা এসএমই ফাউন্ডেশন ও আরো দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে।
এসএমই খাতে নতুন করে ৫ লাখ ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বাজেটে এমন বরাদ্দ রাখার কথা বলেন তিনি।
কুষ্টিয়ার চিনিকলসহ সারা দেশে সরকারি বন্ধ কারখানাগুলো চালু করতে সরকার বিশেষ পরিকল্পনা নিচ্ছে বলে তথ্য দেন শিল্পমন্ত্রী।
এছাড়া দেশীয় আখ দিয়ে চিনিকল চালানো লাভজনক না মন্তব্য করে আখের বদলে বিটরুট চিনি উৎপাদনে যাওয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম।
ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালানায় কর্মশালায় এনবিআরের করনীতি বিভাগের সদস্য মুতাসিম বিল্লাহ উপস্থিত ছিলেন।