বাংলাদেশ ব্যাংকের নতুন প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেন
দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আক্তার হোসেন।
দুই বছরের জন্য তাকে কেন্দ্রীয় ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়ার আদেশ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, অধ্যাপক আক্তার আগেও কেন্দ্রীয় ব্যাংকে গবেষণা ও নীতি বিভাগের দায়িত্বে ছিলেন। তার নিয়োগ ১ জুলাই থেকে কার্যকর হয়েছে এবং তিনি ১ জুন ২০২৭ পর্যন্ত এ পদে বহাল থাকবেন। নিয়োগের অন্যান্য শর্ত বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী নির্ধারিত হবে।
আগের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান ডেপুটি গভর্নর হিসাবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পদে কেউ দায়িত্বে ছিলেন না।
২০১৭ সালের পর আবার বাংলাদেশ ব্যাংকের বাইরে থেকে এবার কাউকে প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব দেওয়া হল। ওই বছর ফয়সাল আহমেদকে এ পদে এনেছিল কেন্দ্রীয় ব্যাংক, যিনি ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তারপর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা হাবিবুর রহমানকে প্রধান অর্থনীতিবিদ করা হয়েছিল।
এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের বাইরে থেকে অধ্যাপক বিরুপাক্ষ পালকে প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব দিয়েছিলেন সেই সময়ের গভর্নর আতিউর রহমান।
অধ্যাপক আক্তার বাংলাদেশে ইউআইইউতে যোগ দেওয়ার আগে অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। ২০২০ সালে সহযোগী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক আক্তার বাংলাদেশের অর্থনীতি ও আর্থিক খাত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বাংলাদেশ ব্যাংকের নীতিগত গবেষণা, অভ্যন্তরীণ বিশ্লেষণ এবং আর্থিক খাত উন্নয়ন প্রক্রিয়ায় তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
নতুন প্রধান অর্থনীতিবিদ আক্তার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে কাজ করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়।
