Published : 06 Oct 2025, 11:27 PM
দেশের কর জিডিপির হার 'কাঙ্খিত' স্তরে নিতে কাঠামোগত জায়গায় কী ধরনের পরিবর্তন আনতে হবে, সেই সুপারিশমালা তৈরি করতে 'জাতীয় টাস্কফোর্স' গঠন করেছে সরকার।
সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এক প্রজ্ঞাপনে নয় সদস্যের এ টাস্কফোর্স গঠনের তথ্য দেয়।
এতে সভাপতি করা হয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের চেয়ারম্যান জায়েদী সাত্তারকে।
জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান বা সাবেক কাউকে এখানে রাখা না হলেও আইআরডির যুগ্মসচিব মো. মাহবুবুর রহমান পাটওয়ারীকে টাস্কফোর্সের সদস্য সচিব করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে অর্থ উপদেষ্টার কাছে চুড়ান্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে এর কার্যক্রম সমাপ্ত হবে।
এর আগে গত সপ্তাহে ‘বিদ্বেষ’ থেকে এনবিআরকে বিলুপ্ত করে ২ ভাগ করা হলে জাতির জন্য ‘ভয়ংকর’ পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করার পরদিন সংস্থাটির সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ‘বিলুপ্ত’ করে আইআরডি।
প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির কার্যক্রমের সমাপ্ত ঘোষণা করার আগের দিন এনবিআরকে দুই ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ করার অধ্যাদেশে পরামর্শক কমিটির সুপারিশ ঠিকঠাক প্রতিফলিত হয়নি বলে মন্তব্য আসে এ কমিটিরই একজন সদস্যের তরফে।
পরামর্শক কমিটির সদস্য ফরিদ উদ্দিন বলছেন, অধ্যাদেশটি বাতিলের দাবিতে এনবিআর কর্মীরা আন্দোলনে নামার ফলে এখন যদি ‘বিদ্বেষ’ থেকে সংস্থাটিকে দুই ভাগ করা হয়, তাহলে তা জাতির জন্য ‘ভয়ংকর’ পরিস্থিতি তৈরি করবে।
এ কমিটি বিলুপ্তির পর এবার কর কাঠামো বিষয়ক টাস্কফোর্স গঠনের তথ্য দিল সরকার।
সরকার বলছে, কর ব্যবস্থার কাঠামোগত সমন্বয় ও উন্নয়নের মাধ্যমে কাঙ্খিত রাজস্ব আদায়ের মাধ্যমে কর জিডিপি অনুপাতকে 'গ্রহণযোগ্য' মাত্রায় নিতে কর কাঠামো পুনর্বিন্যাসে এ টাস্কফোর্স করা হয়েছে।
কর কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনার সুপারিশমালা তৈরির পাশাপাশি এই কমিটির আরেকটি কাজ রয়েছে। সেটা হলো, তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অভ্যন্তরীণ ও বহিঃবাণিজ্য সহায়ক করনীতির লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদে করণীয় বের করবে।
কমিটিতে সভাপতি ও সদস্য সচিবের বাইরে সাতজন সদস্য রাখা হয়েছে। তারা হলেন- বিআইজিডির প্রফেসরিয়াল ফেলো সুলতান হাফিজ রহমান; কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক সৈয়দ মইনুল আহসান; বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন; ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক সাজ্জাদ জহির; এফবিসিসিআইয়ের একজন প্রতিনিধি এবং আইসিএবি ও আইসিএমএবির একজন করে প্রতিনিধি।
জায়েদি সাত্তার দীর্ঘদিন ট্যারিফ রেশনালাইজেশন নিয়ে কাজ করে আসছেন। এর আগে এনবিআর থেকে ট্যারিফ রেশনালাইজেশন নিয়ে গবেষণা হয়েছিল, তাতেও ছিলেন তিনি।
গত বছর পাঁচ সদস্যের পরামর্শক কমিটি গঠনের সময় বলা হয়, কমিটি এনবিআরের সংস্কার প্রস্তাবের পাশাপাশি রাজস্ব নীতি সংস্কার বিষয়ে পরামর্শ দেবে।
এছাড়া রাজস্ব প্রশাসন সংস্কার, রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতার মূল্যায়ন ও আধুনিকায়ন, শুদ্ধাচার ও সুশাসনের প্রাতিষ্ঠানিক কাঠামো ও নীতিমালা প্রণয়ন, নাগরিক যোগাযোগ এবং অংশীজন সম্পৃক্ততার কার্যক্রম এবং রাজস্ব সংস্কার সংশ্লিষ্ট যেকোনো নীতিগত পরামর্শ ও সুপারিশ দেবে কমিটি।
আরও পড়ুন-