বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এআইআইবি
অর্থ মন্ত্রণালয়ের অধীন 'ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম – সাবপ্রোগ্রাম ২' বাস্তবায়নে এ অর্থ বাজেট সহায়তা হিসেবে ব্যবহার করা হবে।
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সঙ্গে ৪০ কোটি ডলারের ঋণ চুক্তিতে সই করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের অধীন 'ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম – সাবপ্রোগ্রাম ২' বাস্তবায়নে এ অর্থ বাজেট সহায়তা হিসেবে ব্যবহার করা হবে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতিগত সংস্কার বাস্তবায়নে এ কর্মসূচি কাজ করে থাকে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সরকারের পক্ষে অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং এআইআইবির পক্ষে রজত মিশ্র এই ঋণ চুক্তি সই করেন।
রজত মিশ্র এআইআইবির পাবলিক সেক্টর (রিজিয়ন ১) ও ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ফান্ডস (গ্লোবাল) ক্লায়েন্টস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান বিনিয়োগ কর্মকর্তা ও পাবলিক সেক্টর ক্লায়েন্টস বিভাগের মহাপরিচালক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ বিভাগ পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য তিনটি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নে সহায়ক পরিবেশ তৈরি; অভিযোজনমূলক উদ্যোগ বাস্তবায়ন; এবং জলবায়ু পরিবর্তন প্রশমন কার্যক্রম ত্বরান্বিত করা।
