Published : 09 Sep 2026, 12:33 AM
সার্বিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড আগের মাসের তুলনায় কমে যাওয়ার তথ্য দিয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) বলেছে, এক মাসের ব্যবধানে অগাস্টে বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) সূচক কমেছে ৭ দশমিক ৯ শতাংশীয় পয়েন্ট।
অগাস্টে পিএমআই সূচক দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৯ পয়েন্ট। আগের মাস জুলাইয়ে যা ছিল ৫৭ দশমিক ৮ পয়েন্ট।
উৎপাদন ও সেবা খাতে কর্মকাণ্ড কমে যাওয়ার কারণে সার্বিক সূচক কমেছে বলে সবশেষ প্রতিবেদনে বলেছে এমসিসিআই। এর মধ্যে সেবা খাত ঋণাত্বক হয় গত ২২ মাস পরে। চার খাতের মধ্যে সবচেয়ে বেশি ১৮ শতাংশীয় পয়েন্ট কমেছে উৎপাদন খাতে।
আগের মাস জুলাইয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান চারটি খাতের মধ্যে তিনটির সম্প্রসারণ হওয়ায় জুলাইয়ে পিএমআই সূচকে ইতিবাচক প্রবৃদ্ধি হয়।
এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে ‘বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স’ (পিএমআই) এ সূচক প্রকাশ করছে প্রতি মাসে।
অর্থনীতির সামগ্রিক কর্মকাণ্ডের তথ্য পর্যালোচনা করে পরবর্তী মাস কেমন যেতে পারে সেটিরও একটি আগাম ধারণা পাওয়া যায় পিএমআই সূচক দেখে। এজন্য আগের মাসের অর্থনীতির চারটি সূচক কেমন গেল তার একটি তথ্যও প্রকাশ করছে সংস্থা দুটো।
কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা- এ চার খাতে সারাদেশের পাঁচশত প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সূচকটি তৈরি করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগাস্টে পতনের প্রধান কারণ ছিল উৎপাদন ও সেবা খাতের কর্মকাণ্ডে মন্থরতা। উভয় খাতেই সামান্য সংকোচন পরিলক্ষিত হয়েছে।
অন্যদিকে এ সময়েও কৃষি ও নির্মাণ খাত সম্প্রসারিত হয়েছে। অগাস্টে সূচক কমে যাওয়ার ব্যাখ্যা তুলে ধরে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারমান মাসরুর রিয়াজ বলেন, “অগস্টের সূচক ৪৯ দশমিক ৯ পয়েন্টে অবস্থান করায় বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সামগ্রিকভাবে নিরপেক্ষ সীমার কাছাকাছি ছিল, যদিও উৎপাদন ও সেবা খাতে সাময়িক চাপ বিদ্যমান ছিল।’’
চলতি মাসে অর্থনৈতিক কর্মকাণ্ড কেমন যেতে পারে সেটির একটি ধারণা দিয়ে তিনি বলেন, ‘‘জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি, রপ্তানি চাহিদা বৃদ্ধি এবং ব্যবসায়িক আস্থা পুনরুদ্ধারে সহায়ক পদক্ষেপ অর্থনীতিকে পুনরায় গতিশীল করতে এবং আরও দৃঢ় প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে সহায়তা করতে পারে।”
অর্থনীতির গতি কমে যাওয়ার ক্ষেত্রে সাময়িক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটাকে দায়ি করেছে এমসিসিআই।
পিএমইআই সূচকের তথ্য বলছে, টানা ১২ মাস সম্প্রসারণে থাকা কৃষি খাতে গত অগাস্টেও আগের মাসের তুলনায় এক দশমিক ৩ পয়েন্ট বেড়ে ৫৬ দশমিক ৫ পয়েন্টে উন্নীত হয়। গত জুলাইতে কৃষি খাতে পিএমআই সূচক ছিল ৫৫ দশমিক ২ পয়েন্ট।
অগাস্টে নির্মাণ খাতের সূচক ৫২ দশমিক ৪ পয়েন্টে উন্নীত হয়, জুলাইয়ে যা ছিল ৪৯ দশমিক ৩ পয়েন্ট।
অপরদিকে তীব্র পতন হয় উৎপাদন খাতে। আগের মাসের তুলনায় অগাস্টে ১৮ পয়েন্ট কমে গিয়ে সূচক দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৪ পয়েন্টে। জুলাইয়ে যা ছিল ৬ দশমিক ৪ পয়েন্ট।
এ খাত স্থবির হয়ে যাওয়ার পর্যবেক্ষণ তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘নতুন অর্ডার, নতুন রপ্তানি অর্ডার, উৎপাদন, উপকরণ কেনার মজুত, আমদানি এবং কর্মসংস্থান¬–সবগুলো সূচকই সংকোচনের পর্যায়ে ফিরে গেছে। অন্যদিকে, উপকরণের দাম দ্রুততর হারে বৃদ্ধি অব্যাহত রেখেছে।’’
অপরদিকে সেবা খাতের সূচক আগের মাসের চেয়ে ৬ দশমিক ৮ পয়েন্ট কমে গিয়ে অগাস্টে হয়েছে ৪৯ দশমিক ২ পয়েন্ট। এ খাতে নতুন ব্যবসা ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত থাকলেও সম্প্রসারণের হার কমেছে। কর্মসংস্থানও ধাক্কা খেয়েছে অগাস্টে বলে প্রতিবেদনে বলা হয়েছে।