Published : 24 Dec 2025, 01:51 AM
অর্থনীতিসহ দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিন গুণীজনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও দৈনিক বণিক বার্তা।
শিল্পোদ্যোক্তা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী (মরণোত্তর), গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরী এবং সংক্রামক রোগ গবেষক ও বিজ্ঞানী ফিরদৌসী কাদরী এ সংবর্ধনা পেয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দৈনিক বণিক বার্তা।
অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) সভাপতি মাহবুবুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যসহ অন্যান্য অতিথি অংশ নেন।
বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক।
অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীকে 'ময়না ভাই' সম্বোধন করে তার বিনয় ও জ্ঞানের প্রশংসা করে অর্থ উপদেষ্টা বলেন, "তিনি শিক্ষক হিসেবে যেমন সফল ছিলেন, তেমনি গণবিশ্ববিদ্যালয়েও কাজ করেছেন।"
বন্ধু-পত্নী এবং সংক্রামক রোগ গবেষক ও বিজ্ঞানী ফিরদৌসী কাদরীকে 'শায়লা' সম্বোধন করে তিনি বলেন, "তিনি ছিলেন অত্যন্ত গোছানো ও কাজপাগল একজন মানুষ। তিনি বিজ্ঞান গবেষণায় যে নিষ্ঠা দেখিয়েছেন, তা অতুলনীয়।"
সৈয়দ মঞ্জুর এলাহী সম্পর্কে সালেহউদ্দিন বলেন, "মঞ্জুর এলাহী সাহেব খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতেন। একজন অত্যন্ত সফট স্পোকেন ব্যক্তি হয়েও তিনি নিজের হাতে এতগুলো সফল প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ব্যবসা-বাণিজ্যে তিনি প্রকৃত অর্থেই বিপ্লব এনেছেন।
"এই ধরনের স্বপ্নবাজ কিছু মানুষই আজ বাংলাদেশকে এতদূর নিয়ে এসেছেন।”
২০১৪ সাল থেকে 'গুণীজন সংবর্ধনা' দিয়ে আসছে এ দুই প্রতিষ্ঠান। এবার ছিল অষ্টম আয়োজন।