Published : 30 Jun 2026, 08:56 PM
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর অফিস শুরু করেছেন আহসান হাবিব।
মঙ্গলবার নতুন দায়িত্বে যোগ দিয়েছেন দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থাটির এই সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)।
এদিন প্রথমে সকালে সচিবালয়ে একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন তিনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করেন।
পরে বিকাল সাড়ে ৩টার দিকে এনবিআরের রাজস্ব ভবনে আসেন তিনি। সেখানে সংস্থার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন বলে সংস্থার জনসংযোগ দপ্তর তথ্য দিয়েছে।
সোমবার এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিবকে সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয় সরকার।
আয়কর ক্যাডারের ১৫ ব্যাচের এই কর্মকর্তা পেশাদার কর কর্মকর্তা হিসেবে চাকরির শুরু থেকে এনবিআরে দায়িত্ব পালন করছেন। তিনি আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন। সোমবার ছিল আবদুর রহমানের চাকরির শেষ কর্মদিবস।
আহসান হাবিবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সরকার বেছে নেওয়ায় এনবিআরের কর্মকর্তাদের ভেতর থেকে সংস্থাটির প্রধান বেছে নেওয়ার দীর্ঘদিনের দাবি পূরণ হল বলে মনে করেছেন কর্মকর্তাদের অনেকে।
নতুন দায়িত্বের আগে আহসান হাবিব এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক (ডিজি) হিসেবেও কাজ করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় ওই দায়িত্ব পাওয়ার পর বড় শিল্প গ্রুপগুলোর ‘কর ফাঁকি’ সামনে আনতে থাকেন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগ মুহূর্তে আহসান হাবিব পদোন্নতি পেয়ে এনবিআরের সদস্য হিসেবে দায়িত্ব পান।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা আহসান হাবিব কর ক্যাডারের মেধাতালিকায় তার ব্যাচে দ্বিতীয় ছিলেন; পরে ছয় মাসের বিভাগীয় প্রশিক্ষণে তিনি প্রথম হন।
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আহসান হাবিবকে বেছে নেওয়ার ক্ষেত্রে সরকার তার ক্যাডারের তিনজন জেষ্ঠ্য কর্মকর্তাকে বিবেচনায় নেয়নি। ওই তিনজনই কর ক্যাডারের ১৩ ব্যাচের কর্মকর্তা।
কাস্টমস ক্যাডারেও ১৩ ব্যাচের তিনজন কর্মকর্তা বর্তমানে এনবিআরের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।