১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অর্থমন্ত্রীর আমিরাত সফরে সহযোগিতা বৃদ্ধির আলোচনা

বৈঠকে দুই দেশের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্র বন্দর ব্যবস্থাপনা, বিমান চলাচল, অবকাঠামো নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়েছেন মন্ত্রী।

অর্থমন্ত্রীর আমিরাত সফরে সহযোগিতা বৃদ্ধির আলোচনা
আবুল হাসান মাহমুদ আলী ও থানি বিন আহমেদ আল জাইউদি।

বিডিনিউজ২৪

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:35 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা জোরদারে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য প্রতিমন্ত্রী থানি বিন আহমেদ আল জাইউদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আরব আমিরাতে ত্রয়োদশ এআইএম (বার্ষিক বিনিয়োগ সভা) কংগ্রেসের সাইডলাইনে মঙ্গলবার আবুধাবিতে আল জাইউদির সঙ্গে মাহমুদ আলীর সাক্ষাত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্র বন্দর ব্যবস্থাপনা, বিমান চলাচল, অবকাঠামো নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্বের পর্যায়ে উন্নয়নে জোরে দেন তারা।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ‘আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট’ এবং আরব আমিরাতের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়। দ্বিপাক্ষিক বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন দুই দেশের মন্ত্রী। টেকসই উন্নয়নে বহুপক্ষীয় সহযোগিতা ও সমন্বয়ের প্রতিশ্রুতিও আসে বৈঠকে।

আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং ইআরডির অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।

আরব আমিরাত সরকারের আমন্ত্রণে দেশটিতে তিন দিনের সফরে রয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী। আবুধাবিতে ৭-৯ মে এআইএম (বার্ষিক বিনিয়োগ সভা) কংগ্রেসে যোগদান উপলক্ষে তার এই সফর। 

বিভিন্ন দেশের মন্ত্রী, শিল্প নেতা, নীতিনির্ধারক, বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং অর্থনৈতিক বিশেষজ্ঞসহ ১৭৫টি দেশের ১০ হাজারের বেশি প্রতিনিধি এবারের সম্মেলনে যোগ দিয়েছেন।