Published : 02 Aug 2026, 08:25 PM
মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধ করতে দ্বিতীয়বারের মত রাজস্ব সম্মেলনের আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৮ অগাস্ট প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করবেন।
এ সম্মেলন সামনে রেখে স্থান নির্বাচন, সাজসজ্জা, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন, অতিথি তালিকা প্রণয়ন এবং অভ্যর্থনাসহ বিভিন্ন দায়িত্ব পালনের জন্য ছয়টি উপ-কমিটি গঠন করে রোববার অফিস আদেশ জারি করেছে এনবিআর।
এছাড়া সার্বিক তদারকির জন্য ৩১ সদস্যের একটি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি হবেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।
এছাড়া সদস্য সচিব করা হয়েছে কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসানকে; তিনি কর ক্যাডারদের সংগঠন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের মহাসচিব।
এনবিআর কর্মকর্তারা বলছেন, রাজস্ব আহরণে গতি আনা এবং মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহিত করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী এবং এনবিআরের নতুন চেয়ারম্যান সম্মেলনে রাজস্ব প্রশাসন নিয়ে ‘দিকনির্দেশনামূলক’ বক্তব্য দেবেন।
প্রায় ১ হাজার ৫০০ অতিথি এ সম্মেলনে অংশ নেবেন। অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং অর্থনীতি, রাজস্ব ও বাণিজ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকবেন আমন্ত্রিতদের মধ্যে।
কর ও কাস্টমস ক্যাডারদের দাবির মুখে ২০২৩ সালে প্রথমবারের মত রাজস্ব সম্মেলন হয়। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনব্যাপী সেই সম্মেলনের উদ্বোধন করেন।
রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই আয়োজনে এনবিআরের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পাশাপাশি মূল্য সংযোজন কর (ভ্যাট), শুল্ক ও আয়কর বিষয়ে তিনটি সেমিনার হয়।
এছাড়া জনসচেতনতা বাড়াতে তথ্য বুথ এবং রাজস্ব ব্যবস্থার ইতিহাস তুলে ধরতে একটি রাজস্ব জাদুঘর (রেভিনিউ মিউজিয়াম) প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছিল।