সাইবার নিরাপত্তা জোরদারে ‘এসওসি’ চালু করল এনবিআর
এর মাধ্যমে সাইবার আক্রমণ, সন্দেহজনক কার্যক্রমসহ বিভিন্ন ঝুঁকি ও হুমকি প্রতিরোধ করা যাচ্ছে।
সাইবার নিরাপত্তা জোরদারে ‘সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি)’ চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
এর মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম এবং অন্যান্য সাইবার হুমকি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে।
রোববার এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সংস্থার নিজস্ব এসওসি উদ্বোধন করেন বলে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ)’ জারি করা সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবে শুল্কায়নের হিসাব রাখার মাধ্যম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের অবকাঠামো এবং সংবেদনশীল তথ্যসম্পদের নিরাপত্তা জোরদার ও ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এনবিআর এসওসি স্থাপন করেছে।
উদ্বোধনের পর এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
এনবিআরের একটি বিশেষায়িত টিম উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এসওসি পরিচালনা করছে বলে দাবি করেছে সংস্থাটি।
