১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পতিত জমি আবাদে ৩ মন্ত্রণালয়কে কৃষিমন্ত্রীর চিঠি

চিঠিতে মন্ত্রী বলেন, কোভিড মহামারী ও রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

পতিত জমি আবাদে ৩ মন্ত্রণালয়কে কৃষিমন্ত্রীর চিঠি

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2022, 12:57 AM

Updated : 21 May 2023, 08:35 PM

চাষযোগ্য পতিত জমিতে আবাদের উদ্যোগ গ্রহণের জন্য চিনিকল, পাটকল, বস্ত্রকল ও রেলের সঙ্গে সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

শিল্পমন্ত্রী, বস্ত্র ও পাটমন্ত্রী এবং রেলমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ কামনা করে কৃষিমন্ত্রী তার এই আধা-সরকারি চিঠিতে বলেন, বৈশ্বিক প্রতিকূল অবস্থায় সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় সরকারি মালিকাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত চাষযোগ্য জমিতে খাদ্যশস্য, শাকসবজি, ডাল ও তেলবীজ চাষের উদ্যোগ গ্রহণ করার সুযোগ রয়েছে।

“এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান চিনিকল, পাটকল, বস্ত্রকল ও রেলের অব্যবহৃত বা পতিত জমিতে আবাদের উদ্যোগ গ্রহণ করলে তা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।”

এর জন্য কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট উপজেলার কৃষি বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

চিঠিতে আরও বলা হয়, কোভিড মহামারী ও রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ে। একই সঙ্গে সার ও জ্বালানিসহ অত্যাবশ্যকীয় উপকরণের মূল্য বৃদ্ধি ও সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় খাদ্য সংকটের আশংকা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে দেশে খাদ্য নিরাপত্তা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কোনো জমি যেন পতিত না থাকে সেই নির্দেশনার কথা মনে করিয়ে দেন কৃষিমন্ত্রী।