বিএফআইউর নেতৃত্বে কর কর্মকর্তা ইখতিয়ার
“আমি তো সরকারি পদেই এনবিআরএ কর্মরত আছি। এখান থেকে যেতে কিছু প্রস্তুতি-প্রক্রিয়া আছে। আশা করি শিগগিরই যোগ দিতে পারব।”
চার মাস শূন্য থাকার পর বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসেবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে দায়িত্ব দিয়েছে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই কর কর্মর্তাকে বিএফআইইউ প্রধান হিসেবে দায়িত্ব দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সেখানে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে দুই বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।
চুক্তিভিত্তিক পদ হওয়ায় বিএফআইইউ প্রধান হিসেবে যোগ দিতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে এনবিআরের চাকরি থেকে অবসর নিতে হবে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই তার নিয়োগ কার্যকর হবে।
কবে নাগাদ নতুন কর্মস্থলে যোগ দেবেন জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজ তো প্রজ্ঞাপন হল, আমি তো সরকারি পদেই এনবিআরএ কর্মরত আছি। এখান থেকে যেতে কিছু প্রস্তুতি-প্রক্রিয়া আছে। আশা করি শিগগিরই যোগ দিতে পারব।”
‘নৈতিক স্খলনজনিত’ কারণে গতবছরের ৯ সেপ্টম্বর বিএফআইইউ প্রধানের পদ থেকে এ এফ এম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করে সরকার।
ওই বছরের ৯ জানুয়ারি দুই বছরের জন্য তাকে দায়িত্ব দিয়েছিল সরকার। তার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ছিলেন।
