Published : 19 Feb 2026, 08:39 PM
আগামী এক বছরের মধ্যে ‘ইন্ডাস্ট্রিয়াল স্কেলে’ কৃষিপণ্য রপ্তানি শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ।
বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
টেকনোক্র্যাট হিসেবে দায়িত্ব পাওয়া এই মন্ত্রী বলেন, “কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের বৃহৎসংখ্যক জনগোষ্ঠী এ খাতের সাথে সংশ্লিষ্ট।”
সঠিক পরিকল্পনার মাধ্যমে কৃষিখাতকে ঢেলে সাজানোর ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষিকে অগ্রাধিকার দিতে হবে।
আগামী এক বছরে কৃষিপণ্যের আমদানি কমিয়ে আনার পাশাপাশি রপ্তানি বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে দেশের কৃষিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বলেন, “কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। এ সেক্টরের সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।”
কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াঁসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।