১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক নীতিমালা শিল্প নীতিতে একীভূতের সুপারিশ

“আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোর বিবর্তন বা গুণগত পরিবর্তন হওয়াটা এখন সময়ের দাবি,” বলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 09:38 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

আন্তর্জাতিক ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক  নীতিমালাকে দেশের জাতীয় শিল্প নীতির সঙ্গে একীভূত করার সুপারিশ এসেছে এক কর্মশালায়।

সোমবার শিল্প মন্ত্রণালয় এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ইউএনআইডিওর যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে এ কর্মশালা হয়।

বাংলাদেশে ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্কের কার্যক্রম নিয়ে এ কর্মশালা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সুইস স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্সের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের শিল্প খাতের টেকসই রূপান্তরের একটি কার্যকর রূপরেখা তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কার্যক্রমের মাধ্যমে ১০টি শিল্প এলাকা (৮টি বিসিক এস্টেট এবং ২টি ইপিজেড) মূল্যায়ন করে আন্তর্জাতিক ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক নীতিমালাকে বাংলাদেশের জাতীয় শিল্প নীতির সঙ্গে একীভূত করার সুপারিশ করা হয়েছে।

অনুষ্ঠানে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, “বর্তমানে আমাদের দেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে পরিবেশগত মান রক্ষা, সম্পদের দক্ষ ব্যবহার এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বৈশ্বিক প্রত্যাশা দিন দিন বাড়ছে।

“এই প্রেক্ষাপটে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোর বিবর্তন বা গুণগত পরিবর্তন হওয়া এখন সময়ের দাবি।”