১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বর্তমান গভর্নরের স্বাক্ষরে হাজার টাকার নোট আসছে বৃহস্পতিবার

নতুন নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সকল নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকছে।

বর্তমান গভর্নরের স্বাক্ষরে হাজার টাকার নোট আসছে বৃহস্পতিবার

নতুন নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সকল নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2023, 09:10 PM

Updated : 15 Feb 2023, 09:10 PM

এক হাজার টাকার নতুন নোট বৃহস্পতিবার থেকে বাজারে ছাড়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, “বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আগামী ১৬ ফেব্রুয়ারি হতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে।”

পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও তা ইস্যু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আব্দুর রউফ ২০২২ সালের জুলাইয়ে গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে সরকারের ব্যাংক ঋণ বৃদ্ধির হার বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংককেই এর প্রায় পুরোটা জোগান দিতে হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণের একটি অংশ দিয়ে বাণিজ্যিক ব্যাংকের ঋণও পরিশোধ করেছে সরকার।

এতে বাজারে মুদ্রা সরবরাহও বেড়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে। এরকম সময়েই বর্তমান গভর্নরের স্বাক্ষরে নতুন এক হাজার টাকার নোট ছেপে তা বাজারে আনার ঘোষণা এল।

নতুন নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সকল নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে; বর্তমানে প্রচলিত ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে জানুয়ারিতে বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষরের ৫০ টাকা মূল্যমানের নোট বাজারে ছেড়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন

পুরানো খবর:

বর্তমান গভর্নরের স্বাক্ষরে আসছে ৫০ টাকার নোট