Published : 12 Aug 2026, 12:14 AM
বাংলাদেশ থেকে অভিবাসী কর্মী নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিঙ্গাপুর সরকার; এর বিপরীতে খরচ কমানোর জন্য যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছে ঢাকা।
মঙ্গলবার সিঙ্গাপুর সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন দেশটির মানবসম্পদ এবং সংস্কৃতি, কমিউনিটি ও যুব প্রতিমন্ত্রী দীনেশ বসু দাশ।
তাদের বৈঠকের আলোচনার বিভিন্ন বিষয় তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অভিবাসী কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা করেছে উভয়পক্ষ। নিয়োগ প্রক্রিয়ায় খরচ ও ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দীনেশ বসু দাশ।
“পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, নিয়োগের খরচ কমাতে এবং রিক্রুটিং এজেন্সিগুলোর নিয়ন্ত্রণ ও গতিশীল করতে বাংলাদেশ সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সাশ্রয়ী করতে নিয়োগ প্রক্রিয়া দেখভালের ক্ষেত্রে বাংলাদেশ ও সিঙ্গাপুরের যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব করেছেন শামা ওবায়েদ। সেই পর্যবেক্ষণের আওতায় মধ্যস্থতাকারী এবং ট্রাভেল এজেন্সিও থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিবাসী কর্মীদের উন্নত আবাসনের ক্ষেত্রে সিঙ্গাপুর সরকারের উদ্যোগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেছেন দীনেশ বসু। তিনি বলেছেন, অভিবাসী কর্মীদের আবাসস্থল উন্নয়নে এবং বসবাসের মান ধরে রাখার ক্ষেত্রে বড় রকমের উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার।
উপযুক্ত আবাসনের সঙ্গে অভিবাসীকর্মীর চাহিদার ভারসাম্য রক্ষায় তার সরকারের কাজ করার কথাও বলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিঙ্গাপুর সরকারের এসব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সম্প্রতি তিন কোম্পানিতে চাকরি হারানো প্রায় দুইশ বাংলাদেশির আবার কাজের সুযোগ তৈরি এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করার সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব কর্মী বেতন পাচ্ছেন না, তাদেরকে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়কে তা জানানোর পরামর্শ দেন দীনেশ বসু। যাতে সরকার যথাযথ ব্যবস্থা নিতে পারে এবং প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পারে।