২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কর্মকর্তাদের জনপ্রত্যাশা অনুধাবন করতে বললেন জ্বালানি উপদেষ্টা

“রাজপথের ভাষা বুঝতে না পারলে সবার কী পরিণত হবে তা বুঝতে হবে।”

কর্মকর্তাদের জনপ্রত্যাশা অনুধাবন করতে বললেন জ্বালানি উপদেষ্টা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 09:37 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

বর্তমান সরকার যে ধরনের জনপ্রত্যাশা নিয়ে ক্ষমতায় এসেছে, তা অনুধাবন করে কাজ করতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার কার্যালয় পেট্রোসেন্টারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা। 

গত ৫ অগাস্ট গণআন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসানের পর ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ব্যাপক রদবদল হলেও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে ব্যতিক্রমী নীতি অবলম্বন করছেন উপদেষ্টা ফাওজুল।

এর আগে যাই ঘটুক না কেন, এখন নতুন করে পরিবর্তিত পরিস্থিতিতে কর্মকর্তাদের আন্তরিকতা পরীক্ষা করে দেখতে চান বলে জানিয়েছেন উপদেষ্টা।

মানুষের পরিবর্তনের প্রত্যাশাকে অনুধাবন করার আহ্বান জানিয়ে তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “রাজপথের ভাষা বুঝতে না পারলে সবার কী পরিণত হবে তা বুঝতে হবে। বর্তমান সরকারের পেছনে দর্শনটা বুঝে সেভাবেই সবাইকে আচরণ করতে হবে।”

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, মানুষ কেন রাস্তায় নেমে এসেছিল, কেন রক্ত দিয়েছিল তা বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে। 

সচিবদের তাদের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান হিসেবে থাকা উচিত নয় মন্তব্য করে উপদেষ্টা বলেন, “এতে স্বার্থের ব্যাঘাত ঘটে। ভবিষ্যতে কোনো সচিব যাতে তাদের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান না হন, সেদিকে লক্ষ্য রাখার হবে।” 

কোম্পানিগুলোতে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান উপদেষ্টা।

ইতোমধ্যে জ্বালানি খাতে যে অনিয়ম হয়েছে, সেক্ষেত্রে সরকার কী করবে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “যেহেতু এ ব্যাপারে চুক্তি ও আইনের প্রশ্ন জড়িত, তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে কিছুটা সময় প্রয়োজন। প্রয়োজনে সাবেক বিচারপতির সমন্বয়ে কমিটি করে বিদ্যমান চুক্তির শর্তগুলো রিভিউ করার পদক্ষেপ নেওয়া হবে।”

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ব্যাপারে উদ্যোগ কী হবে, এমন প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান বলেন, “বেআইনি সংযোগ বিচ্ছিন্নের ব্যাপারে তথ্য নিয়ে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।” 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, পেট্রোবাংলার  চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিপিসি'র চেয়ারম্যান মো. আমিন উল আহসান এবং বিভিন্ন দপ্তর প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।