১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহীউদ্দীন খান আলমগীরের ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঋণ কেলেঙ্কারিতে আলোচিত ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

মহীউদ্দীন খান আলমগীরের ব্যাংক হিসাব অবরুদ্ধ
মহীউদ্দীন খান আলমগীর

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2024, 10:00 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং তার স্ত্রী সিতারা আলমগীর এবং ছেলে জয় আলমগীরের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ।

সোমবার বিএফআইইউর পক্ষ থেকে চিঠি দিয়ে দেশের সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে একাধিক ব্যাংকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

সাবেক আমলা মহীউদ্দীন খান আলমগীর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১২-১৩ সময়ে তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজনৈতিক বিবেচনায় ২০১৩ সালে ফারমার্স ব্যাংক অনুমোদন পেলে মহীউদ্দীন খান আলমগীর হন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। নজিরবিহীন ঋণ জালিয়াতি ও অনিয়ম-দুর্নীতির কারণে প্রতিষ্ঠার চার বছর না যেতেই মুখ থুবড়ে পড়ে ব্যাংকটি। 

ধারাবাহিকভাবে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় ২০১৭ সালে ফারমার্স ব্যাংকে হস্তক্ষেপ করে বাংলাদেশ ব্যাংক। ওই বছরই মহীউদ্দীন খান আলমগীর ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়েন। 

এরপর পুনর্গঠন করা হয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংকটির নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী গ্রেপ্তার হন। তখনকার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকেও অপসারণ করা হয়।পরে নাম বদলে ফারমার্স ব্যাংক হয় পদ্মা ব্যাংক।