Published : 28 Sep 2025, 09:26 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দুই নারী প্রার্থী ‘সাইবার বুলিংয়ের’ অভিযোগ করেছেন।
রোববার দুপুরে চাকসু নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন ছাত্র শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের দুই নারী প্রার্থী।
তারা হলেন– ওই প্যানেল থেকে সহ-দপ্তর সম্পাদক পদপ্রার্থী জান্নাতুল আদন নুসরাত এবং নির্বাহী সদস্য পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস সানজিদা।
নুসরাত ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের এবং সানজিদা সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২৪ সেশনের শিক্ষার্থী।সানজিদা ইসলামী ছাত্রী সংস্থার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগঠন ও ছাত্রী কল্যাণ বিভাগ সম্পাদিকা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সম্প্রীতির শিক্ষার্থী জোট থেকে চাকসুতে প্রার্থী হয়েছি। আমাদের নির্বাচনী বক্তব্য বা প্রচারের পোস্টগুলোতে বিভিন্ন অপরিচিত আইডি থেকে অপ্রীতিকর বক্তব্য দেওয়া হচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তার শিকার হচ্ছি।”
সানজিদা বলেন, “সে কারণে আমরা নির্বাচন কমিশন বরাবরে একটি অভিযোগ জমা দিয়েছি।স্যার আমাদের অভিযোগ গ্রহণ করেছেন এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।”
আগামী ১৫ অক্টোবর চাকসু এবং হল সংসদগুলোর নির্বাচন হবে। পূজার ছুটি শুরু হলেও নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার থেমে নেই। তারা ক্যাম্পাসের বিভিন্ন কটেজ, মেস অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন।
দুই প্রার্থীর অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে চাকসুর নির্বাচন কমিশন সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা একটা অভিযোগ গ্রহণ করেছি। বিষয়টি আমাদের নির্বাচন কমিশনার অধ্যাপক আমিন মোহাম্মদ নসরুল্লাহ, উনি নির্বাছনের আচরণ বিধি সংক্রান্ত বিষয়গুলো দেখছেন, এটা উনি দেখবেন।”