Published : 13 Oct 2025, 02:34 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল ও হোস্টেল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য পৃথক ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।
সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বুধবার ভোটের দিন চাকসু ভবনের দ্বিতীয় তলায় দৃষ্টিহীন শিক্ষার্থীদের ভোট গ্রহণ করা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দৃষ্টিহীন শিক্ষার্থীরা আজকে (সোমবার) আমাদের কাছে আলাদা ভোট কেন্দ্রে নির্বাচন কমিশনারের উপস্থিতিতে ভোট দেওয়ার দাবি নিয়ে এসেছিল। আমরা তাদের দাবিটি গ্রহণ করেছি।
দুইজন নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে দৃষ্টিহীন শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন।
এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন শিক্ষার্থীরা ব্রেইল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের দাবি করেছিলেন। কিন্তু কমিশন তাতে সম্মত না হয়ে বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র নয় এমন সহযোগীর মাধ্যমে ভোট প্রদানের কথা বলেছিলেন’।
পরে নির্বাচন কমিশন ব্রেইল ভোটে সহায়তা করার জন্য একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেন কিন্তু সেটা আয়োজন করা সম্ভব হয়নি।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে চাকসুর ২৬টি পদের বিপরীতে নির্বাচন করবেন ৪১৫ জন। আর ১৪টি হল ও একটি হোস্টেল সংসদের বিভিন্ন পদে ৪৯৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
ক্যাম্পাসের আইটি ভবন, নতুন কলা ভবন, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও বাণিজ্য (বিবিএ) অনুষদ ভবনে ভোট নেওয়া হবে।
পাঁচটি ভবনের ৬০টি কক্ষে প্রায় ৭০০টি বুথে ভোট নেওয়া হবে। এর মধ্যে নতুন করে দৃষ্টিহীনদের জন্য চাকসু ভবনের দ্বিতীয় তলায় আলাদা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন রোববার সাংবাদিকদের বলেছিলেন, চাকসুর মোট ব্যালট পেপার চার পৃষ্ঠার। হল ও হোস্টেল সংসদের ব্যালট পেপার এক পৃষ্ঠার।
ওএমআর পদ্ধতির এ ব্যালটে প্রার্থীর নাম ও ব্যালট নম্বর থাকবে। বৃত্ত ভরাট করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।