২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে নেটওয়ার্কের আওতা ৫০% বাড়িয়েছে বাংলালিংক

চট্টগ্রামে বাংলালিংক গ্রাহকরা এখন দ্বিগুণ গতির মোবাইল ইন্টারনেট উপভোগ করতে পারছেন বলে জানিয়েছে অপারেটরটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 09:27 PM

Updated : 16 Oct 2022, 09:27 PM

চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্কের আওতা গত এক বছরে ৫০ শতাংশ বাড়িয়েছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংক।

একই সঙ্গে প্রযুক্তিগত উন্নয়নের ফলে এ অঞ্চলের বাংলালিংক গ্রাহকরা এখন দ্বিগুণ গতির মোবাইল ইন্টারনেট উপভোগ করতে পারছেন বলে জানিয়েছে অপারেটরটি।

দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে বাংলালিংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামে টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তির মাধ্যমে বাংলালিংক এর ২.৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন স্পেকট্রামের ব্যবহারও শুরু হয়েছে।

রোববার দুপুরে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে সংবাদ সম্মেলনে বাংলালিংক এর মূল কোম্পানি ভিওন এর প্রধান নির্বাহী কান তেরজিওগ্লো এসব তথ্য জানান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সম্মেলনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় বাংলালিংক এর প্রধান নির্বাহী এরিক অস, চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্রসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব অঞ্চলের গ্রাহকদের জন্য সর্বোচ্চ গতির ফোর জি নেটওয়ার্ক ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিতের লক্ষ্যে তারা নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। গত নয় মাসে দেশে বাংলালিংক এর তিন হাজার ২০০টিরও বেশি বেইজ ট্রান্সসিভার স্টেশন স্থাপন করা হয়েছে।

সিটি মেয়র চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্কের আওতা সম্প্রসারণের জন্য বাংলালিংকের চলমান উদ্যোগকে স্বাগত জানান। গত কয়েক বছরে চট্টগ্রামে যে প্রযুক্তি অবকাঠামো গড়ে তুলেছে, সেটিকে এই ধরনের উদ্যোগ আরও মজবুত করবে।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, দেশের সব প্রান্তে আধুনিক ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করতে সরকারের যে লক্ষ্য, সেটির সঙ্গে বাংলালিংকের এ প্রচেষ্টা সামঞ্জস্যপূর্ণ।

ভিওন এর প্রধান নির্বাহী বলেন, “ভিওন ইতোমধ্যে বাংলাদেশে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রবৃদ্ধির এই ধারা বজায় রাখতে চট্টগ্রামের মত গুরুত্বপূর্ণ অঞ্চলে আমাদের নেটওয়ার্কে বিপুল বিনিয়োগ করা হচ্ছে। আমাদের চলমান প্রচেষ্টা বাংলালিংকের সেবার মান আরও উন্নত করে ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আমি মনে করি।“

বাংলালিংকের প্রধান নির্বাহী বলেন, সমগ্র দেশে বিস্তৃত একটি অপারেটর হওয়ার লক্ষ্যে দ্রুত গতিতে আমাদের শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ করছি। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে জাতীয় গুরুত্বের কারণে চট্টগ্রাম আমাদের সম্প্রসারণ পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।