মীরসরাইয়ে ‘হামলার শিকার’ যুবলীগ নেতা এলিট
‘সংঘর্ষে’ দুইপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওসি কবির।
চট্টগ্রামের মীরসরাইয়ে গিয়ে ‘হামলার শিকার’ হওয়ার কথা জানিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকে নির্বাচিত মগাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ হামলা হয় বলে এলিটের অভিযোগ; যাতে তার কয়েকজন কর্মী আহত হয়েছেন।
মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে এলিট সাহেব ও জাহাঙ্গীর সাহেবের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হযেছে। সংঘর্ষে দুইপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।”
এলিট বলেন, “আমি ২০-২৫ জন কর্মী নিয়ে সাবেক চেয়ারম্যান ইদ্রিসের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে বের হবার পর জাহাঙ্গীর চেয়ারম্যানের নেতৃত্বে তার শতাধিক লোকজন আমার গাড়ি বহর ও কর্মীদের ওপর হামলা করে।”
এতে তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন দাবি করে তিনি বলেন, “হামলায় আমার গাড়ি ভাংচুর করা হয়েছে। আহতদের দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
এ বিষয়ে মগাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
ওসি কবির বলেন, “সংঘর্ষে দুইপক্ষের লোকজন আহত হয়েছেন। তবে রাত ১২টা পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
