বন্দরনগরীতেও বিদ্যুৎ ফিরছে
সন্ধ্যা থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর দেশের অন্য শহরগুলোর মতো চট্টগ্রাম নগরীতেও বিদ্যুৎ ফিরতে শুরু করেছে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ফিরতে শুরু করে বলে জানিয়েছেন পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার পর থেকে জাতীয় গ্রিড থেকে কিছু বিদ্যুৎ পেতে শুরু করি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এলাকায় সরবরাহ শুরু হয়।”
সরবরাহ স্বাভাবিক হলে পর্যায়ক্রমে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ঠিক হয়ে আসবে বলে জানান তিনি।
সন্ধ্যা সোয়া সাতটার দিকে নগরীর এনায়েত বাজার, জামাল খান এলাকায় বিদ্যুৎ আসে বলে জানান সেখানকার বাসিন্দারা।
নগরীর দক্ষিণ খুলশী এলাকায় সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিদ্যুৎ আসে বলে জানান সেখানকার বাসিন্দা সাংবাদিক শিমুল নজরুল।
সন্ধ্যা সাতটা থেকে সোয়া সাতটার মধ্যে আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, ঘাটফরহাদবেগ, পাথরঘাটাসহ অনেক এলাকায় বিদ্যুৎ আসে।
মঙ্গলবার দুপুর দুইটার পর জাতীয় সরবরাহ লাইনে বিপর্যয়ের কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তাতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যাহত হয়।
