চুয়েটের ২ শিক্ষার্থীর প্রাণ গেল সড়কে
গুরুতর আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।
বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী মারা গেছেন, আহত হয়েছেন আরেক শিক্ষার্থী।
সোমবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়েট পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শান্ত সাহা ও ২১তম ব্যাচের তৌফিক হোসেন।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে একটি বাসের সাথে শিক্ষার্থীদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এই দুর্ঘটনায় চুয়েটের দুই শিক্ষার্থী মারা গেছেন। আরো একজন গুরুতর আহত। উনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের মধ্যে শান্ত সাহা নরসিংদী সদরের ৪ নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে। আর তৌফিক হোসেন নোয়াখালীর সুধারামের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে।
আহত জাকারিয়া হিমু চুয়েটের ২১তম ব্যাচের শিক্ষার্থী। তার বিভাগ ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
