Published : 30 Jun 2025, 09:39 PM
আশুরার দিনে কারবালা স্মরণে চট্টগ্রাম নগরীতে সাতটি তাজিয়া মিছিল করবেন শিয়া মুসলমানরা।
সোমবার সংশ্লিষ্টদের সঙ্গে এ সংক্রান্ত মতবিনিময় সভা শেষে বেশকিছু নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি)।
সিএমপি বলছে, নগরীর বিভিন্ন এলাকা থেকে সাতটি তাজিয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। দিনের বেলায় নির্ধারিত সময়ে মিছিল শুরু ও শেষ করতে অনুরোধ করা হয়েছে।
যেসব সড়কে সিসি ক্যামেরা রয়েছে, সেসব সড়ক প্রাধান্য দিয়ে মিছিলের পাশাপাশি যানবাহন চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেটিও খেয়াল রেখে রুট সংক্ষিপ্ত করতে বলা হয়েছে। মিছিলে ছোরা, বল্লম, চাকুসহ যেকোনো ধরনের অস্ত্র বহন না করা, আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্টের মত দুর্ঘটনা এড়াতে মিছিলে বাঁশ/ঝান্ডার দৈর্ঘ্য ১২ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে এবং মিছিলে থাকা গাড়ি চলাচলের সময় বিদ্যুৎ/টেলিফোন বা অন্য কোনো সংযোগের তারে আটকে গেলে সেটি সমাধানে ইংরেজি ‘ভি’ বর্ণাকৃতির বাঁশ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে সিএমপি।
টাইগারপাস, নিউ মার্কেট, লালদিঘীপাড়, কাজির দেউড়ি এলাকা ছাড়াও যে সব স্পটে মিছিল থেকে খেলা দেখানো হবে তার তালিকা আগে থেকে সংশ্লিষ্ট থানাকে জানিয়ে রাখতে বলা হয়েছে। দুটি মিছিল যেন মুখোমুখি না হয়, সেদিকে নজর রাখার পাশাপাশি নির্ধারিত রুটের বাইরে না যেতেও অনুরোধ করা হয়েছে।
সম্প্রীতি বজায় রাখতে উস্কানিমূলক বক্তব্য, কার্যক্রম থেকে বিরত থাকতে এবং স্বেচ্ছাসেবকদের চেনার সুবিধার্থে গেঞ্জি, টুপির ব্যবস্থা করারও পরামর্শ দিয়েছে পুলিশ।
মিছিল চলাকালে নিরাপত্তার স্বার্থে কোনো প্রকার ব্যাগ, ব্যাগের মত বস্তু, টিফিন বক্স, দাহ্য পদার্থ নিয়ে অবস্থান না করতে বলা হয়েছে। পথিমধ্যে ছোট ছোট গলি থেকে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ গ্রুপ আকারে যাতে প্রবেশ করতে না পারে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।
আগামী ৬ জুলাই পালিত হবে আশুরা। হিজরি সালের প্রথম মাস মহররমের ১০ তারিখ বা আশুরা বাংলাদেশে সরকারি ছুটির দিন।
কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে আশুরা বিশ্বের মুসলমান ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন।
সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। শিয়া সম্প্রদায়ের মানুষেরা এদিন তাজিয়া মিছিল করে থাকেন।